সেনানিবাসের ভেতরে খালেদার রাজনৈতিক তৎপরতায় সাবেক সেনা কর্মকর্তাদের উদ্বেগ
বিএনপি চেয়ারপারসন ও চারদলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া তার সেনানিবাসস্থ বাসভবনে থেকে প্রকাশ্যে রাজনীতি চালিয়ে যাওয়ায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন সশস্ত্র বাহিনীর ৩৬ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তারা বলেন, সবাই জানেন যে আইনগতভাবে সেনানিবাসের অভ্যন্তরে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ। তা সত্ত্বেও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড কেবল সেনানিবাসের নিরাপত্তাই বিঘ্নিত করছে না, বরং পুরো জাতির নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে। সশস্ত্রবাহিনীও বিতর্কিত ও রাজনীতিকীকরণের শিকার হচ্ছে।
বিবৃতিতে তারা আরও বলেন, ‘বিগত পাঁচ বছর চারদলীয় জোট সরকারের আমলে বিরোধী দলীয় নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও সেনানিবাসে প্রবেশে বারবার বাধা দেওয়া হয়েছে। এমনকি ঢাকা সিএমএইচে মুমূর্ষু অবস্থায় চিকিৎসারত কবি হুমায়ুন আজাদকে দেখতে যাওয়ার মানবিক প্রচেষ্টাকে বাধা এবং অবৈধ আখ্যা দিয়ে শেখ হাসিনা ও তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।’
‘এছাড়াও অসংখ্য সাবেক সামরিক কর্মকর্তা ও জাতীয় নেতাদের ঢাকা সেনানিবাসে ‘অবাঞ্চিত’ ঘোষণা করা হয়েছে। বিশেষ করে কিছু অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে বিরোধী দলীয় রাজনীতিতে যুক্ত হওয়ার কারণে সেনানিবাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। অনেক জাতীয় পত্রিকাও সেখানে প্রবেশাধিকার পায়নি। অথচ বেগম খালেদা জিয়া তার স্বৈরাচারী মনোভাব নিয়ে ঢাকা সেনানিবাসকে রাজনীতি চর্চা কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন-যা দুঃখজনক।’
সাবেক সেনা কর্মকর্তাগণ আরও অভিযোগ করেন, বিএনপির গডফাদার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সশস্ত্র কর্মীরা অবাধে সেনানিবাসে প্রবেশ করছে।
তারা রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার কাছে খালেদা জিয়াকে সেনানিবাসের অভ্যন্তরে রাজনীতি করা থেকে বিরত রাখতে এবং প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেওয়া সব সুযোগ-সুবিধা প্রত্যাহারের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
তারা জানান, প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের যেসব গার্ড এবং প্রটোকল সুবিধা পেতেন তা এখনও বলবৎ আছে যা আইনের পরিপন্থী।
বিবৃতিতে স্বাক্ষরদানকারী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল কেএম শফিউল্লাহ, কর্নেল শওকত আলী, জেনারেল মোস্তাফিজুর রহমান, মেজর জেনারেল আমসাআ আমীন, মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া প্রমুখ।
