২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ছাদ থেকে বৃহস্পতিবার রাতে পুলিশ ৫ টি পেট্রোল বোমা উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

ঘটনার পর ক্যাম্পাসে আতংক ছড়িয়ে পড়েছে।

সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রহরী সাইফুল রাত পৌনে আটটার দিকে হলের ছাদে যায়। তিনি ছাদের পশ্চিম পাশের পানির ট্যাংকের ওপর রঙীন কাগজে মোড়ানো একটি প্যাকেট পড়ে থাকতে দেখে হল প্রভোস্ট অধ্যাপক নুরুল হককে বিষয়টি জানান। প্রভোস্ট পুলিশে খবর দিলে আশুলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্যাকেটের ভেতর থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করে। বোমাগুলো লাল টেপ দিয়ে মোড়ানো ছিল।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক জানান, বোমাগুলো উদ্ধারের পর পানিতে ভিজিয়ে থানায় আনা হয়েছে। এ ছাড়া পরীক্ষার জন্য বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

প্রভোস্ট অধ্যাপক নুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যে কোন অসৎ উদ্দেশ্যে বোমাগুলো হলে মজুদ করা হয়ে থাকতে পারে।

এদিকে উদ্ভুত পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতেই হলে পুলিশী অভিযান চালানো হতে পারে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।