২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে সংঘর্ষে আহত ২০, ১৪৪ ধারা জারি

সোনাইমুড়ী উপজেলার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বৃহস্পতিবার অন্তত ২০ জন আহত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

আহতদের স্থানীয় বজরা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোনাইমুড়ী উপজেলা প্রশাসন উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে সাবেক সংসদ সদস্য এম হাসেমের সমর্থকরা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় ডাকবাংলোয় সমাবেশ করার সময় সাবেক মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বরকত উল্যা বুলুর সমর্থকরা হামলা চালায়।

এতে মোশারেফ, সোহেল, মিজান, মালেক, স্বপন, সোহাদসহ অন্তত ২০ জন আহত হয়।

আহত কয়েকজন প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় এক ফার্মেসীতে গেলে বুলুর সমর্থকরা পুলিশের উপস্থিতিতে হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর আবারও হামলা চালায়।

এ খবর পেয়ে হাসেমের সমর্থকরা ঘটনাস্থলে এসে বুলুর সমর্থকদের ধাওয়া করলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো সোনাইমুড়ী পৌর এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

পুলিশ এরপর ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান ১৪৪ ধারা জারির কথা স্বীকার করেছেন।