জোট আমলের উপাচার্যসহ সব শিক্ষকের নিয়োগ বাতিলের দাবি
জোট সরকারের আমলে দলীয় বিবেচনায় নিয়োগকৃত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর এবং ঢাকাসহ সকল সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবি জানিয়েছে ছাত্র সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার তোপখানা রোডের আসাদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ দাবি জানান।
সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন।
এ ছাড়া ছাত্র সংগ্রাম পরিষদের অন্যান্য দাবি দাওয়ার মধ্যে রয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদকে ছাত্র জনতার কাছে নিরপেক্ষতার প্রমাণ দেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, ছাত্রদল-ছাত্র শিবিরের ক্যাডারদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, বিশ্ববিদ্যালয়গুলোতে এবং হলগুলোতে সকল সংগঠনের নেতাকর্মীদের সহাবস্থান নিশ্চিত করা, দলীয় বিবেচনায় পিএসসির নিয়োগ বাতিল ও পিএসসির চেয়ারম্যানের অপসারণ।
সংবাদ সম্মেলনে দুদিনের কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৬ নভেম্বর বিকেল ৪ টায় মুক্তাঙ্গনে সমাবেশ এবং ৮ নভেম্বর রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে ছাত্র সংগ্রাম পরিষদের বিভিন্ন দাবির কথা জানিয়ে স্মারকলিপি প্রদান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, জাসদ ছাত্রলীগের সভাপতি শরিফুল কবির স্বপন, সাধারণ সম্পাদক আলী আহসান তরুণ প্রমুখ।
