আইন উপদেষ্টার অপসারণ চেয়েছেন শীর্ষ আইনজীবীরা
একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে শপথ ভঙ্গ করায় তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের পদত্যাগ ও অপসারণ দাবি করেছে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ বার কাউন্সিল ও সংবিধান বিশেষজ্ঞ দেশের শীর্ষ আইনজীবীরা।
বৃহস্পতিবার দুপুরে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংবিধান বিশেষজ্ঞ শীর্ষ আইনজীবীরা উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বন্টন ও প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশন সদস্যদের পদত্যাগ এবং পুলিশসহ সামগ্রিক প্রশাসন কার্যকরভাবে নিরপেক্ষ করার ব্যবস্থা নেয়ার দাবি জানান।
নিরপেক্ষতা প্রমাণের জন্য ১৪ দলের আল্টিমেটাম ও তত্ত্বাবায়ক সরকারকে পর্যবেক্ষণে রাখার ঘোষণার বিরোধিতা করে বুধবার আইন উপদেষ্টা বিচারপতি ফজলুল হক সাংবাদিকদের বলেন, ‘আমরা নিরপেক্ষ নির্বাচনের শপথ নিয়ে কি অপরাধ করেছি যে আমাদের পর্যবেক্ষণে রাখা হবে?’ তিনি আরো বলেছিলেন, যারা এ ধরনের বক্তব্য দিয়েছেন তারা দেশের বিপদ ডেকে আনছেন।
নির্দলীয় তত্ত্ববাধায়ক সরকারের একজন উপদেষ্টার এ ধরনের বক্তব্যের প্রেক্ষিতে আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি ও বাংলাদেশ বার কাউন্সিল বৃহষ্পতিবার বিষয়টি নিয়ে যৌথভাবে সভা করে পরে সংবাদ সম্মেলনে বলেন, বিতর্কিত আইন উপদেষ্টা নিয়োগের মাধ্যমে প্রমাণিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষভাবে গঠিত হয়নি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, সংবিধান বিশেষজ্ঞ ড. এম জহির, ব্যারিস্টার শফিক আহমেদ, সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, মো. ওজায়ের ফারুক, মাহবুবে আলম, সম্পাদক এ এম আমিনউদ্দিন, সিনিয়র এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বার কাউন্সিল সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, পিসি গুহ, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসর ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা।
বিচারপতি ফজলুল হকের উদ্দেশ্যে ড. কামাল হোসেন বলেন, ‘৭ম অনুচেছদ আপনি পড়ে দেখেন জনগণ সকল ক্ষমতার মালিক। আপনার কার্যক্রম পর্যবেক্ষণ করার অধিকার জনগণের রয়েছে। আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বলব, কোথা থেকে এই ব্যক্তি আপনার ওপর নাজেল হলো। আগে এই ব্যক্তিকে সরান।’
অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজ ও নির্বাচন কমিশনারদের পরিবর্তন করে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন নিয়োগেরও দাবি জানান ড. কামাল হোসেন।
ব্যারিস্টার আমীর-উল-ইসলাম বলেন, বিচারপতি ফজলুল হক ১৪ দলের প্রতি আক্রোশমূলক বক্তব্য দিয়ে যে ভাষায় কথা বলেছেন তাতে অনুরাগ ও বিরাগের বশবর্তী না হওয়ার জন্য তিনি যে শপথ নিয়েছেন তা ভঙ্গ করেছেন। অনেকে বলছেন, বিদায়ী আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের চেয়ার পাহারা দেয়ার জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে। অবিলম্বে বিতর্কিত আইন উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের পদত্যাগ দাবি করে তাকে প্রত্যাহার ও অপসারণের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান ব্যারিস্টার আমীর।
ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, বিচারপতি ফজলুল হক নিজেকে জীবজন্তু বলছেন কেন? তিনি বিকলাঙ্গ নবজাতক। নবজাতকের বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকলে যেমন পর্যবেক্ষণে রাখতে হয় তেমনি তাকেও রাখতে হবে।
উপদেষ্টাদের মধ্যে পোর্টফলিও বন্টন সঠিক হয়নি উলে¬খ করে ব্যারিস্টার রোকনউদ্দিন বলেন, যে উপদেষ্টা যে ক্ষেত্রে দক্ষ তাকে সেই দায়িত্ব না দিয়ে তাদের অপমান করা হয়েছে। অবিলম্বে উপদেষ্টার অভিজ্ঞতা, যোগ্যতা ও দক্ষতার দায়িত্ব পুনর্বন্টন করা না হলে ওই উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত।
ড. এম জহির বলেন, আইন উপদেষ্টা ফজলুল হক বিচারপতি ও ব্যারিস্টার হয়ে যে বক্তব্য রেখেছেন তা অতি দু:খজনক। অবাধ, সুুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের অবিলম্বে তাদের পদ ছেড়ে দিতে হবে। তিনি প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলেন, নিরপেক্ষতার কথা মুখে বললেই হবে না জনগণকে দেখাতে হবে যে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন।
ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, বিচারপতি ফজলুল হক যে বক্তব্য দিয়েছেন সে প্রেক্ষিতে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বর্তমান স্বরাষ্ট্র ও সংস্থাপন সচিব, গোয়েন্দা প্রধান, সকল জেলার এসপি, থানার ওসি, ইউএনওদের সরিয়ে নিতে হবে। তাদের রেখে নিরপেক্ষ নির্বাচন হবে না।
আবদুল বাসেত মজুমদার বলেন, তত্ত্বাবধায়ক সরকার এলেই দলীয় সরকারের নিযুক্ত এটর্নী জেনারেল পদত্যাগ করেন। কিন্তু যার সাংবিধানিক মতামত নিয়ে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন তাকে কাজ চালিয়ে যেতে বলেছেন সেই প্রধান উপদেষ্টা। অবিলম্বে এটর্নী জেনারেলের পদত্যাগ দাবি করেন তিনি।
এদিকে বিচারপতি ফজলুল হকের অপসারণের দাবিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবীরা। তারা সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে এক পাল্টা সংবাদ সম্মেলন করে তত্ত্বাবধায়ক সরকারকে ধমক দেয়ার পথ থেকে সরে আসার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য আয়োজিত এ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার আকবর আমিন বাবুল, ডেপুটি এটর্নী জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল ও জামিল আক্তার এলাহী। জাতীয়তাবাদী আইনজীবী নেতারা আরো বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সকলের উচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারকে সার্বিক সহযোগিতা করা।
