ভোলায় দুই সন্ত্রাসী গ্রুপের বন্দুকযুদ্ধ, অস্ত্র উদ্ধার
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বৃহস্পতিবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারলেও ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
সূত্র জানায়, ভোর রাতের দিকে দেউলা ইউনিয়নের জেতকায় বন্দুকযুদ্ধ শুরু হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান এবং ছয় রাউণ্ড তাজা গুলি ও গুলির খোসা উদ্ধার করে।
এ ব্যাপারে দেউলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাদা তালুকদার দুর্বৃত্তদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা সত্য বলে জানান।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, একদল সন্ত্রাসী বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, ভোররাতে দুটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি গুলিবর্ষণ করে।
তবে এ ব্যাপারে কোন হতাহত হয়েছে কিনা তা কেউই স্পষ্ট করে বলতে পারেননি।
