কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১১টি আগ্নেয়াস্ত্র ও ১০১ রাউন্ড গুলি উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার হেলিপ্যাড সংলগ্ন একটি পুকুর থেকে পুলিশ বৃহস্পতিবার পৌনে ১২টার দিকে বিভিন্ন ধরনের ১১টি আগ্নেয়াস্ত্র ও ১০১ রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগজিন উদ্ধার করেছে।
এ ঘটনায় ফুলবাড়ীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে এগুলো আনা হয়েছে বলে কুড়িগ্রাম পুলিশ ধারণা করছে।
পুলিশ জানায়, ফুলবাড়ীর চন্দ্রখানা গ্রামের এনছার আলীর ছেলে মিঠুন (৭) বৃহস্পতিবার সকালে থানা থেকে মাত্র ২০০ গজ দূরে হেলিপ্যাড সংলগ্ন পুকুরে মাছ ধরার জন্য কচুরিপানাপানা সরাতে গিয়ে একটি বড় স্কুল ব্যাগ দেখতে পায়। পরে ব্যাগটি খুলে তাতে অস্ত্র পাওয়া গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এনছার আলী বিষয়টি দ্রুত ফুলবাড়ী থানা পুলিশকে জানালে তারা এসে আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ছয়টি দেশীয় রিভলবার, একটি পাইপগান, দুটি পিস্তল, একটি এস এল আর ও একটি এস এম জি এবং রাইফেলের গুলি ১৯টি, এসএলআরের গুলি ১৮টি, এসএমজির গুলি ৪০টি, শর্টগানের গুলি নয়টি এবং রিভলবারের গুলি ১৫টি। এ ছাড়াও এসএমজির ম্যাগজিন দুটি এবং এসএলআরের ম্যাগজিন একটি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবোধ চক্রবর্তী অস্ত্র ও গুলি উদ্ধারের কথা স্বীকার করে বলেছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
