সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত, আহত অর্ধ শতাধিক
ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের চান্দাইকোনার কাছে গদাইপুরের জোরপুকুর নামক স্থানে বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশত বাসযাত্রী। সিরাজগঞ্জ শহর থেকে ৪০ কিলোমিটার দূরে সকাল সোয়া ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জ হাসপাতালে নেওয়ার পরে একজন এবং বগুড়া মোহাম্মদ আলী হাসপাতলে নেওয়ার পথে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায়।
আহতদের মধ্যে ২১ জনকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে এবং অন্যদের শেরপুর ও চান্দাইকোনার বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় ছয়জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসকরা আশংকা করছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বগুড়া থেকে নগরবাড়ীগামী রুদ্র পরিবহনের (বগুড়া-ব-১৩৮৯) একটি অতিরিক্ত যাত্রীবাহী বাস রাস্তার একটি রিকশাভ্যানকে সাইড দিতে গেলে পেছন থেকে মালবাহী একটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। একই সময় বিপরীতমুখী হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-১৪৮৭) একটি বাস দুর্ঘটনা কবলিত রুদ্র পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। ত্রিমুখী সংঘর্ষে রুদ্র পরিবহনের বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং হানিফ পরিবহনের বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকটি অক্ষত অবস্থায় পালিয়ে যায়।
যাত্রীদের চিৎকারে দ্রুত ঘটনাস্থলের আশপাশের এলাকার মানুষ ছুটে আসে এবং যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালায়। এ সময় খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহত যাত্রীদের উদ্ধার শুরু করে। এ সময় মহাসড়কে প্রায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনীর একটি দল ও পুলিশ ঘটনাস্থল কর্ডন করে আটকে পড়া যানবাহন পার করে দেয়।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল বর চৌধুরী ও পুলিশ সুপার কাজী মোরতাজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতদের মধ্যে ১৪ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, বগুড়ার ধুনট উপজেলার উজাল শিং গ্রামের ইয়াছিন আলীর ছেলে স্থানীয় ধানগড়া মহিলা কলেজের প্রভাষক ফজলার রহমান (৩৫), একই উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের দ্বিজেন দাসের ছেলে লিটন দাস (২৬), বিপ্লব কুমার সাহা (৩৫), অভিরাম (১৮), পার্শ্ববর্তী শেরপুর উপজেলার বেলগাড়ী এলাকার টুকু খাঁ (৬০), লোকমান (৩৬), বগুড়া শহরের লতিফপুর কলোনীর লস্কর মোল্লার ছেলে আশরাফ (৩২), সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ভানুডাঙ্গা গ্রামের লকা কুমার ঘোষ (৩৬) ও নব কুমার ঘোষ (৪২) এবং একই জেলার রায়গঞ্জ উপজেলার শিবপুর গ্রামের আহসান আলীর ছেলে আবু তালেব (৪২), বশির উদ্দিন (৪৫), নাটোরের সিংড়া উপজেলার সাহেব আলী (৩৫), আট বছরের শিমু এবং শুটকা (৩৫)।
আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলো-বগুড়ার ধুনটের শৌলমারি গ্রামের বদিউজ্জামান (৩৮), আরিফুল (২৮), শাহীন (২২), কুড়িগ্রামের আজাদুন্নবী (৪০), বগুড়া সদরের নন্দক’ল এলাকার শাহীনুর (৩০), সিরাজগঞ্জের শাহজাদপুরের আবদুস সালাম (২৬), বগুড়ার ধুনট সদরের সঞ্জিত সাহা (২৫), এলাঙ্গীর আবু সাইদ (২৫), শেরপুর উপজেলার হামজা পুরের সাবিনা (২৫), কাহালু তন্বিপাড়ার হাফিজার (৪৫), সিরাজগঞ্জের রায়গঞ্জের দুলাল চন্দ্র (৪৫), বগুড়ার খান্দার এলাকার বাদশা (২৮), শেরপুরের মীর্জাপুরের গোলাম হোসেন (৬০) ও তার স্ত্রী জহুরা খাতুন (৪৫), কাজীপুরের সফুরা বেগম।
