২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্নেল (অব.) ফারুকের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ২১ নভেম্বর

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী কর্নেল (অব.) ফারুকের বিরুদ্ধে বুধবার অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের করা তিনটি মামলার রায় বুধবার হয়নি। আগামী ২১ নভেম্বর মামলার রায় ঘোষণার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2006, 05:03 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

রাষ্ট্রপক্ষের আবেদনক্রমে তিন মামলার রায় ঘোষণা না করে বিচারক অস্ত্র, গুলি ও বিস্ফোরকের জব্দ তালিকা প্রস্তুতকারী পুলিশের এসআই সুব্রত ব্যানার্জীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য গ্রহণ শেষে কেন্দ্রীয় কারাগারের সামনে নাজিমউদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকা মহানগর ৫ নম্বর ট্রাইব্যুনাল জজ মঞ্জুরুল বাছিদ আগামী ২১ নভেম্বর তিনটি মামলার রায়ের জন্য পুনরায় দিন ধার্য করেন।

১৯৯৬ সালের ১৩ আগস্ট গভীর রাতে পুলিশ ডিওএইচএসের বাসা ঘেরাও করে কর্নেল ফারুককে গ্রেফতার করে। এ সময় পুলিশ লাইসেন্স করা একটি বন্দুক, রিভলবার ছাড়াও একটি পিস্তল, বিপুলসংখ্যক রাইফেল ও শটগানের গুলি উদ্ধার করে।

এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ওসি নাইমুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে কর্নেল ফারুকের বিরুদ্ধে মামলা করেন।

এরপর ১৮ আগস্ট আদালতের অনুমতি নিয়ে পুলিশ ফারুকের বাসার দোতলার অফিস ও শয়নকক্ষ তল্লাশি করে বিভিন্ন প্রকার বিস্ফোরক দ্রব্য ও আটটি বন্দুকের গুলি উদ্ধার করে। এগুলো ফারুক রোহিঙ্গাদের কাছ থেকে সংগ্রহ করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানায় আরও দুটি মামলা করা হয়। মামলা তিনটি বিচারের জন্য ১৯৯৭ সালের ফ্রেবুয়ারী মাসে বিশেষ ট্রাইবুনালে বদলি করা হয়।