সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত
ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা জোরপুকুর এলাকায় বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৭ জনে উন্নীত হয়েছে। আহত হয়েছে শতাধিক।
বগুড়াগামী হানিফ এন্টারপ্রাইজ এর একটি বাস ও আরিচাগামী রুদ্র পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সিরাজগঞ্জের ধানগড়া মহিলা কলেজের প্রভাষক ফজলার রহমান (৩৮) এর পরিচয় পাওয়া গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্যদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২০ জনের অবস্থা আশংকাজনক।
আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন বগুড়ার ধুনটের বদিউজ্জামান (৩৮), আরিফুল (২৮), সুজিত সাহা (২৫), আবু সাইদ (২৫), বিপ্লব (২২), শাহীন (২২), গোলাম হোসেন (৬০) ও তার স্ত্রী জহুরা (৪০), কুড়িগ্রামের আজাদুর ননী (৪০), বগুড়ার শাহিনুর (৩০), সাবিনা (২৫), হাফিজার (৪৫), বাদশা (২৮) পাবনার শাহজাদপুরের আ: সালাম (২৬), রায়গঞ্জের গুয়াগাছি গ্রামের দুলাল চন্দ্র (৪৫) ও সফুরা (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের (ঢাকা-মেট্রো-ব-১৪-১৪৮৭) সঙ্গে রুদ্র পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ১৪ জন মারা যান এবং বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
আহতদের বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, রায়গঞ্জ ও শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
