যশোর সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশী নিহত
যশোরের শার্শা উপজেলার ঘিবা সীমান্তে বুধবার ভোরে বিএসএফের গুলিতে শিমুল (৩০) নামে এক বাংলাদেশী নিহত হয়েছে। এ সময় আহত হয় শহিদুল (৩৮) নামে আরও এক বাংলাদেশী।
শিমুলের বাড়ি শার্শার গাতিপাড়া আমতলায় এবং শহিদুলের বাড়ি একই উপজেলার ঘিবা সীমান্তে।
বিএসএফ শিমুলের লাশ নিয়ে গেছে। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। আহত শহিদুলকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে ঘিবা সীমান্তের বিপরীতে ভারতের ছুটিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশের কয়েকজন গরু ব্যবসায়ীকে লক্ষ্য করে ১০/১২ রাউন্ড গুলিবর্ষণ করে। ঘটনাস্থলেই মারা যান শিমুল। নিহতের পরিবারের সদস্যরা লাশ ফেরত দিতে বিডিআর সদস্যদের অনুরোধ জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক যশোর বিডিআরের ২২ রাইফেল ব্যাটালিয়নের এক কর্মকর্তা বলেন, ‘ঘটনাটি ভারতের সীমান্তের ৫০০ গজের মধ্যে ঘটেছে। গুলিবর্ষণের কথা আমি শুনেছি। তবে এতে কারও হতাহতের বিষয়টি জানি না। বিডিআরের পক্ষে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।’
এদিকে আমাদের বেনাপোল প্রতিনিধি জানান, বুধবার ভোর রাত ৪টার দিকে একদল চোরা কারবারি বাংলাদেশের দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় বিডিআর দুই রাউন্ড গুলি চালায়। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি।
