কুমিল্লা টাওয়ার হামলা মামলা, ১৩ জনের জামিন লাভ
কুমিল্লা টাওয়ারে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অভিযুক্ত ২০ নেতাকর্মীর মধ্যে ১৩ জন মঙ্গলবার জামিন লাভ করেছেন।
পুলিশ ও আদালত সূত্র জানিয়েছে, ১৪ দলের অবরোধ কর্মসূচি চলাকালে শুক্রবার রাতে পিকেটাররা জামায়াতের সাবেক সাংসদ ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মালিকানাধীন কুমিল্লা টাওয়ারে অবস্থিত কুমিল্লা মেডিকেল সেন্টারে হামলা চালায়। সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা এয়াকুব আলী চৌধুরী শনিবার বাদি হয়ে কোতয়ালী থানায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্ত জেলা ছাত্রলীগ সভাপতি কবিরুল ইসলাম শিকদার এবং যুবলীগ নেতা নির্মল কুমার দত্তসহ ১৩ নেতকর্মী মঙ্গলবার দুপুরে সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ওয়াহিদুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন।
