চট্টগ্রাম বন্দর চালু হলেও কন্টেইনার জট দ্রুত মুক্ত হচ্ছে না
–ঈদের ছুটি ও অবরোধের কারনে সাতদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দর মঙ্গলবার পুরোপুরি চালু হয়েছে। যদিও ১৯ হাজার কন্টেইনারের জট দ্রুত মুক্ত করা সহজ হবে না বলে বন্দর ব্যবহারকারী বিভিন্ন পক্ষ জানিয়েছেন।
বন্দর ট্রাফিক পরিচালক আহসানুল কবীর মঙ্গলবার নফহবংি২৪.পড়স কে বলেন, বন্দর থেকে সোমবার ৪২২টি কনন্টেইনার খালাস করা হয়েছে। আজ (মঙ্গলবার) প্রায় ১০০০ কনন্টেইনার খালাস করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কন্টেইনার জট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমদানিকারকরা সহযোগিতা করলে জট দ্রুত কমানো সম্ভব। তবে রপ্তানির জন্য কোন কনন্টেইনার বন্দরে পড়ে নেই বলে তিনি জানান।
বন্দর কতৃপক্ষ সূত্র জানায়, আপৎকালীন সময় বিবেচনা করে সোমবার বন্দর চেয়ারম্যান এ এমএম শাহাদাত হোসেনের উপস্থিতিতে কর্তৃপক্ষ ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন পক্ষের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে নেয়া সিদ্ধান্ত অনুসারে বন্দর চালু রয়েছে। বৈঠকে ছুটির দিনসহ আগামী এক মাস বন্দর ২৪ ঘন্টা চালু রাখারও সিদ্ধান্ত নেয়া হয়। যদিও ডেলিভেরি স্পট খালি রাখার জন্য মাল খালাস করা হবে রাত আটটা পর্যন্ত। এজন্য ছুটির দিনেও বন্দর সংলগ্ন জনতা ব্যাংক ও ওয়ান ব্যাংক বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হবে। এ ব্যাপারে বন্দর কতৃপক্ষ মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুসারে, আগামী একমাস মাল খালাস করার ব্যাপারে শিপিং এজেন্টসহ অন্যদের জন্য বন্দরে রাত ১১টা পর্যন্ত অবস্থান করার ক্ষেত্রে বিশেষ অনুমতির প্রয়োজন লাগবে না।
এদিকে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মাহবুব চৌধুরী বলেন, বন্দরে বর্তমানে জট পাকিয়ে আছে ১৯ হাজার কন্টেইনার। অথচ বন্দরের দৈনিক মাল খালাস ক্ষমতা সর্বোচ্চ ১২০০ কন্টেইনার। ফলে কন্টেইনার জট কতটা তাড়াতাড়ি কমানো সম্ভব হবে, মূলত চিন্তার কারন সেটাই।
লীড টাইম বেড়ে যাওয়ার আশংকা প্রকাশ করে তিনি বলেন, তৈরি পোশাক খাতে উৎপাদনের সর্বোচ্চ মওসুম শুরু হওয়ায় আমদানি করা প্রচুর কাঁচামাল বন্দরে জমা হয়ে আছে। এছাড়া আরো কাঁচামাল আসছে।
বন্দর সূত্র জানায়, বর্তমানে ৭৩টি জাহাজ বন্দরে রয়েছে। এর মধ্যে বর্হিনোঙরে রয়েছে ৪৩টি, যার মধ্যে ১৭টি জাহাজ প্রস্তুতি নিচ্ছে জেটিতে আসার। এসব জাহাজের বেশির ভাগই কন্টেইনারবাহী।
সূত্র আরো জানায়, কনন্টেইনার ছাড়া অন্যান্য জাহাজের মাল খালাস আগামী দুই-তিন দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে।
কন্টেইনার জট প্রসঙ্গে বন্দর কর্তৃপক্ষের সূত্র কনন্টেইনার খালাসের পরিসংখ্যান দিয়ে জানায়, ঈদের ছুটির কারনে ২৪ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এবং অবরোধের কারনে সোমবার দুপুর পর্যন্ত বন্দরে স্বাভাবিক কাজকর্ম হয়নি।
