মেয়র মিনুর নির্দেশেই হামলা হয়েছে: বাদশা
মেয়র মিনুর নির্দেশেই ১৪ দল নেতাকর্মীদের ওপর ছাত্রশিবির ও ছাত্রদল বোমা হামলা ও গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা। এদিকে বাদশার ওপর ছাত্রশিবিরের হামলার ঘটনায় উভয়পক্ষ চারটি মামলা দায়ের করেছে। শিবিরের মামলায় আসামি করা হয়েছে খোদ বাদশাকেই।
বাদশার ওপর বোমা হামলা নিয়ে মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দল আয়োজিত সংবাদ সম্মেলনে বাদশা বলেন, জামায়াত শিবির ও বিএনপি পূর্বপরিকল্পিতভাবে ১৪ দলের নেতাকর্মীদের ওপর বোমা হামলা চালিয়েছে। তিনি বলেন, শিবির ও ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অস্ত্র ও বোমা মজুদ করে রেখেছে। ওয়ার্কার্স পার্টি ও ১৪ দলের নেতাকর্মীদের ওপর হামলা করার জন্য তারা নগরীর বিভিন্ন ছাত্রাবাসেও বোমা ও অস্ত্র মজুদ করে রেখেছে।
এই অস্ত্র ও বোমা উদ্ধারের জন্য পুলিশ ও র্যাবের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এদের দমন করার বিষয়টি রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার সদিচ্ছা ও নিরপেক্ষতার ওপর নির্ভর করছে।
সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাদশাকে হত্যা করাই ছিল তাদের উদ্দেশ্য। বিনাউস্কানিতে বাদশাসহ ১৪ দলের নেতাকর্মীদের ওপর বোমা হামলা ও গুলি চালিয়ে তারাই আবার বাদশার নামে মামলা করেছে।
সংবাদ সম্মেলনে ১৪ দলের অন্যান্য নেতাও উপস্থিত ছিলেন।
এদিকে বোমা হামলার ঘটনায় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মহানগর সম্পাদক লিয়াকত আলী লিকু বাদি হয়ে বোয়ালিয়া থানায় সোমবার রাতে শিবির ও ছাত্রদলের বিরুদ্ধে একটি মামলা করেছেন। আরেকটি মামলা করেছেন আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন।
অপরদিকে শিবির নেতা তৌহিদুর রহমান সুইট ও রাজপাড়া থানা শিবির সভাপতি আশরাফুল আলম ইমন বাদি হয়ে বাদশাকে প্রধান আসামি করে দ’ুটি মামলা করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
