সীতাকুন্ডে ট্রেন দুর্ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠিত
সীতাকুণ্ডের কলেজ গেট এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেন কর্ণফুলী এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনায় দুজন নিহত এবং ১৭ জন আহত হয়।
নিহত ব্যক্তিদের একজন হলেন ট্রেনের গেটম্যান ঝুলন দাস (৪০)। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১২ টায় কর্ণফুলী এক্সপ্রেস ১৮টি বগি নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় সীতাকুন্ডের কলেজ গেটের কাছে পৌঁছালে পেছনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই ব্যক্তি মারা যান। ১১ টি বগি নিয়েই প্রায় আড়াই কিলোমিটার যাওয়ার পর চালক এ দুর্ঘটনার বিষয়টি বুঝতে পারেন। তবে লাইনচ্যুত বগিগুলোর অধিকাংশই ছিল মালবাহী।
বিকল্প রাস্তা ব্যবহার করায় এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আহতদের সীতাকুণ্ড হাসপাতাল এবং স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
