ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সীতাকুন্ডে নিহত ২, আহত ১৬
সীতাকুণ্ডের কলেজ গেট এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী মেইল ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে মঙ্গলবার রাতে দুইজন নিহত এবং ১৬ জন আহত হয়েছে।
নিহত ব্যক্তিদের একজন হলেন ট্রেনের গেটম্যান ঝুলন দাস (৪০)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১২ টায় কর্ণফুলী মেইলের একটি ট্রেন ১৮টি বগি নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় সীতাকুন্ডের কলেজ গেটের কাছে পৌঁছালে পেছনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই ব্যক্তি মারা যান। ১১ টি বগি নিয়েই প্রায় আড়াই কিলোমিটার যাওয়ার পর চালক এ দুর্ঘটনার বিষয়টি বুঝতে পারেন। তবে লাইনচ্যুত বগিগুলোর অধিকাংশই ছিল মালবাহী।
বিকল্প রাস্তা ব্যবহার করায় এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আহতদের সীতাকুণ্ড হাসপাতার এবং স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
