৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, ১৮ জন বদলী
প্রশাসনে রদবদল করার প্রথম পদক্ষেপ হিসেবে সোমবার রাতে তত্ত্বাবধায়ক সরকার চুক্তিভিত্তিক ৯ সচিবের চুক্তি বাতিল করেছে।
সূত্র জানায়, চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে প্রধানমন্ত্রীর দপ্তরের মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকীর চুক্তি বাতিল করা হয়েছে।
পরিকল্পনা কমিশনের সদস্য আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব করা হয়েছে।
চুক্তি বাতিল হওয়া অন্য সচিবরা হলেন, কৃষি সচিব কাজী আবুল কাশেম, শ্রম সচিব সুজাউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রীর দপ্তরের সচিব খন্দকার শহীদুল ইসলাম, যোগাযোগ সচিব শফিকুল ইসলাম, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব আখতার হোসেন খান, গণপূর্ত সচিব ইকবাল উদ্দিন আহম্মেদ, নৌপরিবহন সচিব রফিকুল ইসলাম এবং তথ্য সচিব ও সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম।
অপরদিকে স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেনকে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সচিব এসএম জহরুল ইসলামকে স্বরাষ্ট্র সচিব করা হয়েছে।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার এক দিন পর এই পদক্ষেপ নেওয়া হলো।
মাত্র কয়েক দিন আগেই বদলী হওয়া আইএমইডি সচিব রফিকুল ইসলাম রাষ্ট্রপতির দপ্তরেই ফিরে আসছেন।
পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল আজিজ কৃষি সচিবের দায়িত্ব নিতে যাচ্ছেন। পরিকল্পনা কমিশনের অপর সদস্য আমিনুল ইসলাম ভূইয়াকে যোগাযোগ সচিব করা হচ্ছে।
পল্লী উন্নয়ন ও সমবায় সচিব শেখ এনয়েতউল্লাহকে নৌপরিবহনে, প্রাথমিক ও গণশিক্ষা সচিব একেএম শামসুদ্দিনকে মহিলা ও শিশু মন্ত্রণালয়ে, প্রবাসী কল্যান সচিব অশফাক হামিদ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে, মহিলা ও শিশু সচিব কামাল উদ্দিন আহম্মেদ তথ্যে, চুক্তিভিত্তিক নিয়োগের বিদ্যুৎ সচিব আ.ন.হ. আখতার হোসেন আইএমইডিতে, সামরিক ভূমি ও সেনা অধিদপ্তরের পরিচালক এসএম জাফরউল্লাহকে ভারপ্রাপ্ত গণপূর্ত সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব বদিউর রহমানকে ভারপ্রাপ্ত বিদ্যুৎ সচিব, ভূমি সংস্কার বোর্ডের সদস্য ভূপেন্দ্র চন্দ্র দেবনাথকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান কাজী আমিনুল ইসলামকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য, বেতারের মহাপরিচালক এএফএম মতিউর রহমানকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব, বনশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান দিদারুল আনোয়ারকে প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক আব্দূল হককে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
