ভাঙ্গায় অবরোধকারীদের হামলায় সাহাবুদ্দীন লাল্টুসহ আহত ৬
ভাঙ্গা উপজেলার পাতরাইলে সোমবার বিকেলে ১৪ দলের সড়ক অবরোধকারী নেতা-কর্মী ও উত্তেজিত জনতার হামলায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাহাবুদ্দীন লাল্টুসহ কমপক্ষে ৬ জন গুরুতর আহত হয়েছেন।
আশংকাজনক অবস্থায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহাবুদ্দীন আহমেদ লাল্টু স্বপরিবারে ভোলা থেকে ঢাকা ফিরছিলেন। তিনি ও তার সফর সঙ্গীরা ছিলেন পাঁচটি মাইক্রোবাসে। তাদের গাড়ি বহর বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের বিশ্বরোড মোড়ে পৌছালে ১৪ দলের নেতা--কর্মীদের অবরোধের মুখে পড়েন। এসময় গাড়িবহর থেকে তাদের উপর গুলিবর্ষণ করা হয় বলে অবরোধকারীরা অভিযোগ করেন।
এর পর বিক্ষুব্ধ জনতা গাড়িবহরকে আটকানোর চেষ্টা করলে একটি মাইক্রোবাস বরিশালের দিকে এবং অপর একটি মাইক্রোবাস ভাটিয়াপাড়ার দিকে চলে যায়। আর সাহাবুদ্দীন লাল্টুকে বহনকারী মাইক্রোসহ অপর তিনটি মাইক্রোবাস দ্রুত ঢাকার দিকে চলে যায়। খবর পেয়ে ভাঙ্গা--মাওয়া সড়কের মালিগ্রামের সলিলদিয়া-পাতরাইল এলাকায় ব্যারিকেড দিয়ে স্থানীয় জনতা তাদের গাড়িবহর আটকে দেয়। এসময় উত্তেজিত জনতার হামলায় সাহাবুদ্দীন লাল্টুসহ কমপক্ষে ৬ জন গুরুতর আহত হন।
আহত অপর পাঁচজন হলেন ইমাম হোসেন মুন্না (৩০), নুরুল হুদা স্বপন (৩০), জাকির হোসেন (৩৮), ফজলুল করিম (৩২) এবং অজ্ঞাত পরিচয়ের ৪০ বছর বয়সী এক ব্যাক্তি।
পরে খবর পেয়ে ফরিদপুর ও ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ফরিদপুরের পুলিশ সুপার আনোয়ার কামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এদিকে ১৪ দলের নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, ঘটনার পর পুলিশ গাড়ি থেকে অস্ত্র উদ্ধার করলেও কাউকে গ্রেপ্তার করেনি।
