সমঝোতায় রাজী হলেন শফিক রেহমান
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে টানা ১২ ঘন্টার চরম নাটকীয়তার পরও দেশ ছাড়তে না পেরে শেষপর্যন্ত বিক্ষুব্ধ সাংবাদিকদের সঙ্গে সমঝোতা করতে সম্মত হয়েছেন বন্ধ ঘোষিত দৈনিক যায়যায়দিন এর সম্পাদক শফিক রেহমান।
শনিবার রাতে লন্ডনের উদ্দেশ্যে দুবাইগামী অ্যামিরেটস এর একটি বিমান থেকে তাকে নামিয়ে আনার পর থেকে শুরু হয় নাটকীয়তা। বিমানটি ছাড়ার কথা ছিল রাত সাড়ে ৯টায়। কিন্তু রানওয়েতে চলতে শুরু করার পর কর্তৃপক্ষের নির্দেশে বিমানটি থামিয়ে তাঁকে বিমান থেকে নামিয়ে আনা হয়। এসময় বিমানবন্দরে উপস্থিত যায়যায়দিনের সাংবাদিকরা তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করলে বিমানবন্দরে এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। এরপর রাতে একাধিকভার দেশত্যাগের চেষ্টা চালান এবং সবগুলো প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায় সাংবাদিকদের প্রতিবাদ ও তৎপরতার মুখে।
অভিবাসন (ইমিগ্রেশন) কর্মকর্তারা জানান, তারা শফিক রেহমানের পকেটে একই তারিখের চারটি ভিন্ন ভিন্ন এয়ারলাইন্সের টিকিট পেয়েছেন। এগুলো হলো মালয়েশিয়া এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং অ্যামিরেটস এয়ারলাইন্স এর।
এরপর তিনি বিমানবন্দরে আরও একটি টিকেট কিনে রাত সাড়ে ১২টায় ড্রাগন এয়ারলাইন্সের লন্ডনগামী একটি বিমানে চড়ে বসেন।
কিন্তু বিমানবন্দরের ২নং টার্মিনালের বাইরে অপেক্ষমান যায়যায়দিনের বিক্ষুব্ধ সাংবাদিকদের দাবির মুখে এয়ারলাইন্সটির স্টেশন ব্যবস্থাপক তাকে বিমান থেকে নামিয়ে আনলে তার সেই চেষ্টাও ব্যর্থ হয়ে যায়।
পরে রাত ৩ টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানযোগে রেহমানের দেশত্যাগের আরও একটি প্রচেষ্টা প্রতিহত করেন সাংবাদিকরা।
পরে রেহমান কুয়েত এয়ারওয়েজ এবং গলফ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটের টিকিট কিনে দেশত্যাগের আরও দুটি প্রচেষ্টা চালিয়েছিলেন বলে জানা গেছে। ওই দুটি বিমান রোববার ভোর ছয়টায় এক ঘন্টার ব্যবধানে ছাড়ার কথা ছিলো।
কিন্তু উভয় এয়ারলাইন্সের স্টেশন ব্যবস্থাপকরা নফহবংি২৪.পড়স কে টেলিফোনে বলেন, বিতর্কিত কোন যাত্রীকে তারা বহন করবেন না।
তারা বলেন, ‘অপর এয়ারলাইন্সগুলো যদি ইতিমধ্যে রেহমানকে ফিরিয়ে দিয়ে থাকে তাহলে আমরাও একই কারণে তাকে প্রত্যাখান করবো।’ কাজেই সেই দুটি প্রচেষ্টাও তার ব্যর্থ হয়।
সারারাত অনেক নাটক ও অঘটনের পর অবশেষে রেহমান ভোর পৌনে পাঁচটার দিকে সাংবাদিকদের সাথে কথা বলার জন্য তার ঘনিষ্ঠ বন্ধু ও বিশিষ্ট ব্যবসায়ী আনু জায়গিরদারকে বিমানবন্দরের টার্মিনালে পাঠান। তিনি সাংবাদিকদের এই বলে আশ্বস্ত করেন যে, রেহমান তাদের দাবি পরিশোধে ব্যর্থ হলে তিনি সকল বকেয়া পরিশোধ করে দেবেন।
এদিকে সাংবাদিকরা রোববার সকালে প্রতারণার অভিযোগে শফিক রেহমানের বিরুদ্ধে মামলা দায়ের করলেও তেজগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার বা মামলাটি নথিভূক্ত করতে প্রায় দুই ঘন্টা দেরি করে বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা।
জানা গেছে, পুলিশ দুপুর আড়াইটার দিকে অবশেষে মামলাটি গ্রহণ করে। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোন রহস্যজনক কারণে মামলাটির কোন তদন্ত কর্মকর্তা নিয়োগ করেননি।
এর আগে সাংবাদিকরা যায়যায়দিন সম্পাদকের দেশত্যাগ ঠেকাতে বিমানবন্দর থানা পুলিশের সহায়তা চেয়েও পাননি।
এ ছাড়া রেহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির তথ্য জানানো সত্ত্বেও অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানান। অভিবাসন কর্মকর্তারা সাংবাদিকদের কাছ থেকে গ্রেপ্তারী পরোয়ানার নথিপত্রের অনুলিপি গ্রহণ করতেও অস্বীকৃতি জানান।
এদিকে তাঁকে দেশত্যাগে সহায়তা করার বিনিময়ে প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুল আউয়ালসহ বিমানবন্দরের একাধিক কর্মকর্তাকে রেহমান ঘুষ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে নফহবংি২৪.পড়স এর সঙ্গে রোববার টেলিফোনে কথা বলার সময় আব্দুল আউয়াল তার বিরুদ্ধে পাঁচ হাজার মার্কিন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
অপরদিকে রেহমানের সহধর্মিনী তালেয়া রেহমান রোববার বিকেলে নগরীর ইস্কাটনে তাঁর বাসভবনে দৈনিক যায়যায়দিনের সাত সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছেন। কিন্তু রেহমান ওইসময় ‘অসুস্থ’ থাকায় উপস্থিত ছিলেন না। তালেয়া রেহমান সাংবাদিকদের জানান, অসুস্থতার কারণে তার স্বামী বর্তমানে নগরীর একটি অজ্ঞাত স্থানে বিশ্রাম নিচ্ছেন।
বিকেল সাড়ে ৪ টায় শুরু হওয়া দুঘন্টাব্যাপী ওই বৈঠককে ‘অত্যন্ত ইতিবাচক’ বলে উল্লেখ করেছেন যায়যায়দিনের সাংবাদিকরা।
দৈনিকটির সাবেক প্রধান বার্তা সম্পাদক অমিত হাবীব নফহবংি২৪.পড়স কে বলেন, ‘তালেয়া রেহমানের সাথে আমাদের একটি বৈঠক হয়েছে এবং তা ছিলো অত্যন্ত ইতিবাচক। তিনি আমাদের দাবি পূরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’ এ ছাড়া সোমবার বিকেল ৫ টায় আবারও একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, বিদ্যুত ঘাটতির অভিযোগ তুলে শুক্রবার দৈনিকটি বন্ধ ঘোষণা করা হয় এবং এতে কর্মরত ১০৪ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এদের অধিকাংশই সাংবাদিক।
