পল্টন রণক্ষেত্র, নিহত ২, আহত শতাধিক, বিডিআর মোতায়েন
আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাজধানীর পল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে দুজন নিহত ও শতাধিক আহত হয়েছে। আহত শতাধিক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলা ২ টার দিকে উত্তেজিত জনতা পল্টনের প্রিতম হোটেল এলাকার সামনে মোহাম্মদ মনির হোসেন (৩০) নামের জামায়াতে ইসলামীর এক কর্মীকে পিটিয়ে মেরে ফেলেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। সে এলিফ্যান্ট রোডে একটি তৈরি পোশাক কারখানার কর্মী। নিহতের পিতা নুরু মিয়া ঢাকার হাজারীবাগের বাসিন্দা।
এদিকে নিহতের পকেটে জামায়াতে ইসলামীর বেশকিছু কাগজপত্র ও চাঁদা আদায়ের রশিদ পাওয়া গেছে।
নিহত অপর যুবকের (২৫) নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরনে পাঞ্জাবি ও হালকা খাকি রঙের ফুলপ্যান্ট ছিল। বেলা ২ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক বিডিআর মোতায়েন করা হয়েছে।
বেলা ৩ টা পর্যন্ত আহতের সংখ্যা কয়েকশতে পরিণত হয়। জামায়াত কর্মীরা আওয়ামী লীগ কর্মীদের লক্ষ্য করে চোরাগুপ্তা গুলি চালানোর খবর পাওয়া গেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় অন্তত ৫০ জন।
পল্টন, নয়া পল্টন, গুলিস্তান, কাকরাইল, মতিঝিল এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে। রাজপথগুলোর বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড সৃষ্টি করে আওয়ামী লীগ কর্মীরা।
দুপুর পৌণে ১ টা থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বৃষ্টির মতো গুলি ও অগুনতি কাঁদানে গ্যাস ছুঁড়তে শুরু করে। এরপরও পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণের বাইরে।
সকাল সাড়ে ১১ টার সময় একটি অস্থায়ী মঞ্চ থেকে আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া, হাজী মকবুল প্রমুখ নেতাদের নামিয়ে দিলেই সংঘর্ষ শুরু হয়।
দুপুর সোয়া ১২টায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবরোধ ভেঙ্গে ফেলে। এর ২০ মিনিট পরে অ্যাডভোকেট সাহারা খাতুনের নেতৃত্বে একটি মিছিল এগিয়ে এলে ব্যাপক আকারে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
বেলা সোড়ে ১২টার দিকে বায়তুল মোকাররম উত্তর গেটে জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের মুখোমুখি সংঘর্ষ বাধে। পল্টন এলাকায় পুলিশ বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে ব্যাপক কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে। উভয়ের মধ্যে ধাওয়া -- পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনায় ফরাসী বার্তা সংস্থা এএফপি এর ফটো সাংবাদিক ফারজানা গোধুলি, এনটিভির ভিডিওগ্রাফার মিলুসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।
বেলা দেড়টার দিকে গোলাপ শাহ মাজার এলাকায় পুলিশ -- জনতা সংঘর্ষ, ধাওয়া--পাল্টা ধাওয়া শুরু হয়।
বেলা দেড়টা পর্যন্ত প্রেসক্লাব -- বায়তুল মোকাররম এলাকা ছিল আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী কর্মীদের দখলে। হাজার তিনেক পুলিশ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় এলাকা ব্যারিকেড দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। পুলিশ সেখানে কাউকে ঢুকতে দিচ্ছে না। সেখানে সংঘর্ষে ইটের জোগান দিতে কর্মীদের রিকশায় করে বিপুল সংখ্যক ইট আনতে দেখা যায়।
বেলা আড়াইটার দিকে বায়তুল মোকাররম উত্তর গেট এলাকায় বিভিন্ন বহুতল ভবন থেকে জামায়াত কর্মীরা আওয়ামী লীগ কর্মীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে অন্তত ২০ জন গুলিবিদ্ধ হয়।
