২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৈরাজ্যের পথ পরিহার করে সুষ্ঠু নির্বাচনে সাহায্য করুন: মান্নান ভূঁইয়া

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বিরোধী দলকে হানাহানি ও নৈরাজ্যের পথ পরিহার করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা নিতে তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 05:30 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

শুক্রবার সকালে নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় দলীয় নেতা--কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘হানাহানি ও অনর্থক নৈরাজ্য সৃষ্টি করে কোনো লাভ হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা কাউকে আক্রমণ করবো না। তবে কেউ যদি গায়ে পড়ে ঝগড়া করে তবে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি দলত্যাগী বিএনপি নেতাদের প্রসঙ্গে বলেন, ‘বিএনপি একটি বৃহৎ ও জনপ্রিয় দল। এখান থেকে কিছু নেতা বা কর্মী চলে গেলে দলের কোনো ক্ষতি হবে না। অতীতেও এটা প্রমাণ হয়েছে। মূল স্রোত থেকে কেউ বেরিয়ে গিয়ে কিছু করতে পারেননি। যারা চলে গেছেন তাদের নিজেদেরই ক্ষতি হয়েছে। বিএনপির ক্ষতি হয়নি। আমি আশা করি দলত্যাগী নেতাদের শুভবুদ্ধির উদয় হবে, তারা দলে ফিরে আসবেন।’

একই প্রসঙ্গে বিএনপিকে সমুদ্র হিসেবে বর্ণনা করে মান্নান ভুঁইয়া বলেন, ‘এর থেকে দুই এক বালতি তুলে নিয়ে গেলে কিছু যায় আসে না’।

ওই সভায় ঘোষণা করা হয়, শনিবার তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর বিকেলে মহানগর বিএনপি কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী খালেদা জিয়া দলীয় নেতা--কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

মহানগর বিএনপির সভাপতি মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহম্মদ, বস্ত্র ও পাট মন্ত্রী শাহজাহান সিরাজ, শ্রম প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বরকতউল্লাহ বুলু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ ঢাকাস্থ বিএনপি দলীয় সাংসদ ও কমিশনারবৃন্দ।