হাসানকে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে রাজি করাতে বললেন হাসিনা
রাজনৈতিক অচলাবস্থা নিরসন করতে চাইলে রাষ্ট্রপতি এবং বিচারপতি কে এম হাসানের কাছে যেতে ব্যবসায়ীদের পরামর্শ দিলেন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা। দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা বৃহস্পতিবার রাতে হাসিনার কাছে গেলে তিনি একথা বলেন।
‘আমরা চাইনা এমন কোনো সমস্যার সৃষ্টি হোক যাতে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তবে কে এম হাসানের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পরিস্কার। হাসান ছাড়া সংবিধান অনুযায়ী যে কেউ এই দায়িত্ব নিলে আমাদের কোনো আপত্তি নেই’ ব্যবসায়ীদের সাথে শেখ হাসিনার মন্তব্যের উদ্ধৃতি দিয়ে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সেক্রেটারি কর্নেল ফারুক খান একথা বলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুধা সদনে আয়োজিত এক বৈঠকে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা আসন্ন রাজনৈতিক সংকট মোকাবেলায় এবং চট্টগ্রাম ও মংলাবন্দর বন্ধ করে দেওয়ার আওয়ামী লীগের ঘোষণার বিরূপ প্রভাব নিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেন।
প্রায় দেড় ঘন্টাব্যাপি এই বৈঠকে ব্যবসায়ী ও শিল্পপতিরা চট্টগ্রাম ও মংলা বন্দর বন্ধের সিদ্ধান্তসহ রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে বলে জানানো হলে হাসিনা কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাড়াঁতে সম্মত করার লক্ষ্যে ব্যবসায়ীদের এগিয়ে আসার অনুরোধ জানান।
এ প্রসঙ্গে এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মীর নাসির হোসেন সাংবাদিকদের বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট ও অস্থিশীলতা নিরসনে শান্তিপূর্ণ সমাধানের অনুরোধ জানাতেই তারা শেখ হাসিনার সাথে সাক্ষাত করেন।
শীর্ষ ব্যবসায়ী নেতাদের মধ্যে ছিলেন লতিফুর রহমান, মাহবুবুর রহমান, আনিসুল হক, এ কে আজাদ, এমএ আওয়াল ও এমএ মোমেন।
