২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর বিভিন্ন জায়গায় আ. লীগের বিক্ষোভ, ভাঙচুর

সংলাপ ভেঙ্গে যাওয়ায় এবং বিচারপতি কে এম হাসান প্রশ্নে বিএনপির অনড় অবস্থানের কারণে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্নস্থানে বিক্ষোভ প্রদর্শন করেছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2006, 05:52 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

কে এম হাসানের অধীনে নির্বাচন নয় - এমন স্লোগান দিয়ে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, লালবাগ এবং টঙ্গীতে বিক্ষোভকারীরা বিভিন্ন দেয়ালে লাগানো পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। দীর্ঘ পাঁচবছর পর বঙ্গবন্ধু  এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশমুখে পুলিশের রাখা কাঁটাতারের বেড়া উপড়ে ফেলে বিক্ষোভকারীরা। 

কোতোয়ালি থানাধীন বংশালে স্থানীয় আওয়ামী লীগের লোকজন বংশাল ক্রসিং এ অবস্থিত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা চালায় ও ব্যাপক ভাঙচুর করে। কোতোয়ালি থানা পুলিশ জানায় এই ঘটনায় কেউ হতাহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। কাউকে গ্রেপ্তার করা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের বিক্ষোভের ভিডিও রেকর্ড করার সময় গোয়েন্দা সংস্থার নিম্নপদস্থ তিন সদস্যকে বিক্ষোভকারীরা শারীরিকভাবে লাঞ্ছিত করে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার  শফিকুল ইসলাম এ বিষয়ে নফহবংি২৪.পড়স কে বলেন হামলা নয়, ডিবির তিন সদস্যের সাথে বিক্ষোভকারীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে তত্ত্বাবধায়ক সরকার সংস্কার এর পক্ষে তিনদিন ব্যাপী বিক্ষোভ সমাবেশের প্রথম দিনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সেখানে পাঁচ বছর আগে স্থাপিত কাঁটাতারের বেড়া সরিয়ে ফেলে। এ বেড়া সরানোর সময় পুলিশ তাদের প্রতিহত করার চেষ্টা করে ব্যর্থ হয়।

পুরনো ঢাকার লালবাগে আওয়ামী লীগ সমর্থকরা বিকেল থেকে বিক্ষোভ মিছিল বের করে এবং স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মালিকানাধীন কয়েকটি স্থাপনা ভাঙচুর করে। ঈদের দ্বিতীয় দিনে বেড়াতে বের হওয়া মানুষের ঈদের আমেজের সাথে এ সময় মিশে যায় ভয় ও আতঙ্ক।

এছাড়াও রাজধানীর মিরপুর, শ্যামপুর, উত্তরা এবং টঙ্গীতে বিক্ষোভ করে আওয়ামী লীগ ও তার সমমনা রাজনৈতিক দলগুলো।