২৮ অক্টোবর থেকে চট্টগ্রামে লাগাতার হরতালের হুমকি
চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করা হলে ২৮ অক্টোবর থেকে চট্টগ্রামে লাগাতার হরতাল ঘোষনা করা হবে।
ট্রাক মিছিলে নেতৃত্ব দেয়ার আগে বৃহস্পতিবার বিকেলে শহীদ মিনার চত্বরে মেয়র এই ঘোষনা দেন।
তিনি বলেন,ক্ষমতা হস্তান্তরের আগে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন সংস্কার প্রস্তাব অবশ্যই মেনে নিতে হবে। অন্যথায় চট্টগ্রামে মালামাল আনা ও চট্টগ্রাম থেকে অন্যত্র মালামাল পরিবহন বন্ধ করে দেওয়া হবে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের চট্টগ্রাম শাখা ২৭ অক্টোবর লালদিঘী ময়দানে জনসভা আয়োজন করবে।
তিনি বলেন, হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করা হলে নির্বাচন হতে দেয়া হবে না। মোকাবিলা করা হবে সর্বাত্বকভাবে।
পরে মেয়রের নেতৃত্বে ট্রাক মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে নির্বাচন প্রক্রিয়া বন্ধে আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনার প্রতিবাদে বিএনপি ২৮ অক্টোবর লালদিঘী ময়দানে জনসভা ডেকেছে।
