২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দোকান লুট ও ভাংচুর, একজনকে গণপিটুনি

নগরীর হাজরাপুকুর ডাব তলায় চাঁদার দাবিতে দোকান ভাংচুর ও লুটপাট করেছে একদল সন্ত্রাসী। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী বুধবার  দুপুরে এক চাঁদাবাজকে ধরে গণপিটুনি দিয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2006, 07:59 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

জানা গেছে, ঈদের আগের দিন সন্ধ্যায় বাবু, মইদুল, বাদশা, রফিক আজাদ নামের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী নগরীর হাজরা পুকুর ডাবতলা মোড়ে মোহনের কনফেকশনারিতে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। রাতের মধ্যে টাকা দিতে হবে বলে তারা হুমকি দেয়। রাত একটার দিকে সন্ত্রাসীরা আবার এসে মোহনের কাছে ২০ হাজার টাকা চাঁদা চায়। কিন্তু মোহন তা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা মোহনকে মারধর করে ও দোকানের লক্ষাধিক টাকার মালামাল ভাংচুর করে। ফিরে যাওয়ার সময় সন্ত্রাসীরা মোহনের সারা দিনের বেচাকেনা বাবদ নগদ ১৭ হাজার টাকা নিয়ে যায়। মঙ্গলবার এ ঘটনার পর বুধবার দুপুরে এলাকাবাসী রফিক নামের এক চাঁদাবাজকে হাতের নাগালে পেয়ে গণপিটুনি দেয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ৭ টার সময় বোয়ালিয়া থানায় মামলার প্রস্তুতি চলছিল।