উদ্ধার অভিযান পরিত্যক্ত, কমান্ডিং অফিসার ফিরোজের সন্ধান মেলেনি
নৗবাহিনীর সদস্যরা বঙ্গোপসাগরে একটানা ৩৩ দিন উদ্ধার অভিযান চালানোর পর সোমবার তা পরিত্যক্ত ঘোষনা করেছেন। কিন্তু সন্ধান মেলেনি নিঁখোজ কমান্ডিং অফিসার ফিরোজ কবিরের।
নাম প্রকাশে অনিচ্ছুক নৌ বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ফিরোজ কবিরকে উদ্ধারের জন্য ২০ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত, এই অভিযান চালানো হয়। অভিযান পরিত্যক্ত ঘোষনার সঙ্গে সঙ্গে নৌযানগুলোকেও নৌবাহিনীর ঘাঁটিতে ফিরিয়ে আনা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান পরিত্যক্ত ঘোষনা করা হয় বলে তিনি জানান।
গত ১৯ সেপ্টেম্বর রাতে টর্নেডোর কবলে পড়ে নৌবাহিনীর বিএনএস শহীদ ফরিদ নামের একটি জাহাজ মংলা বন্দর থেকে ৭৪ কিলোমিটার দূরে ত্রিকোন আইল্যান্ডের চরে আটকা পড়ে। সেই সঙ্গে নিঁখোজ হন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার ফিরোজ কবির।
তাকে উদ্ধারের জন্য ২০ সেপ্টেম্বর শরু করা হয় স্মরণকালের বৃহত্তম অভিযান। এতে অংশ নেয় হেলিকপ্টার ও বিমানসহ ১৫টি জাহাজ। অভিযান শুরুর চার দিন পর জাহাজটিকে উদ্ধার করা সম্ভব হলেও সন্ধান মেলেনি ফিরোজ কবিরের। তার সলিল সমাধি হয়েছে বলে আশংকা করা হচ্ছে। ফিরোজ কবিরের বাড়ি নওগাঁর পোরশা উপজেলার নিতপুর গ্রামে।
এছাড়া টর্নেডোয় শত শত মাছ ধরা ট্রলার ডুবে যায়। নিঁখোজ হন কয়েক হাজার জেলে। এদের মধ্যে দেড় হাজারেরও বেশি জেলের সলিল সমাধি হয়েছে বলে অশংকা করা হচ্ছে। তবে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৬৩টি লাশ।
