ঈদের কারণে চিকিৎসকরা অনুপস্থিত, রোগীরা বিপাকে
ঈদ উপলক্ষে সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি ছিল একেবারেই কম। পুরো হাসপাতাল জুড়েই ছিল ছুটির আমেজ। চিকিৎসকরা না থাকায় বিপাকে পড়েছেন রোগীরা।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বহিঃর্বিভাগে রয়েছেন মাত্র একজন চিকিৎসক। যদিও সেখানে চারজন চিকিৎসক থাকার কথা বলেছে হাসপাতাল সূত্র। এছাড়া অধিকাংশ কনসালটেন্টও ছিলেন অনুপস্থিত।
এ ব্যাপারে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মোহাম্মদ তাজউদ্দিন জানান, ঈদের কারণেই উপস্থিতি কম। চিকিৎসকদের মধ্যে কেউ কেউ ঐচ্ছিক ছুটি নিলেও অনেকে ছুটি নেয়া ছাড়াই অনুপস্থিত রয়েছেন। অবশ্য কোন্ কোন্ চিকিৎসক ঐচ্ছিক ছুটি নিয়েছেন তা তিনি বলতে পারেননি।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জনের অফিসে কয়েকবার ফোন করেও কাউকে পাওয়া যায়নি।
