মুন্সীগঞ্জের মেঘনায় নৌযান ডুবি, ৩ লাশ উদ্ধার
মেঘনা নদীতে সোমবার মালবাহী নৌযানের ধাক্কায় ডুবি যাওয়া যাত্রীবাহী নৌযান থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় ডুবুরীরা।
উদ্ধারকৃত লাশের পরিচয় জানা যায়নি।
এদিকে ডুবে যাওয়া এমভি শাহপরানকে উদ্ধার করতে দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তম রওয়ানা দিয়েছে বলে স্থানীয় প্রশাসন জানান।
ডুবুরিরা জানান, মেঘনা ব্রীজের প্রায় ২শ গজ পূর্বে মধ্য মেঘনায় পানির প্রায় ৬০ ফুট গভীরে ডুবে যাওয়া লঞ্চটির সন্ধান পেয়েছেন তারা।
পুলিশ জানিয়েছে, এখনও ৫০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যাত্রীর মধ্যে ১১ জনের পরিচয় রয়েছে। তারা হলেন, নাসিমা (৩০), তার পুত্র ইমন (৭), কন্যা আছিয়া (৩) এবং সীমা (৯), সমলা (৩৩), সামসুন নাহার (২৫), আলী হোসেন ওরফে সুন্দও আলী (৩৮), লিপি (১৪), সোহাগ (৭০), ইয়াসমিন (১৮) এবং তাহমিনা (১২)। তারা অধিকাংশই কুমিল্লার মেঘনা থানার অধিবাসী।
পুলিশ ঘাতক কার্গো ‘বনানী’ কে আটক করেছে।
এমভি শাহপরান নামে ওই নৌযানটি গজারিয়ার তেতুইতলা থেকে কুমিল্লার মেঘনা থানার রামপুরা যাচ্ছিল। এতে শতাধিক যাত্রী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
যাত্রা শুরুর কিছুক্ষণ পরই একটি মালবাহী নৌযানের ধাক্কায় এমভি শাহ পরান মেঘনা ব্রিজের ছয়--সাতশ গজ দূরে ডুবে যায়।
