২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ইউপি সদস্যকে মারধরের পর পুলিশে সোপর্দ

পূর্ব শত্র“তার জের ধরে সদর উপজেলার কর্ণকাঠী ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সবুজকে মারধর করার পর প্রতিপক্ষ পুলিশে সোপর্দ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

তবে তার প্রতিপক্ষ নগরীর ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি এটিএম শহীদুল্লাহ কবির ও স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, টাকা নিয়ে পালানোর সময় সবুজ গণধোলাইয়ের শিকার হন।

শহীদুল্লাহ জানান, সবুজ হঠাৎ করে তার ওপর হামলা চালিয়ে ৫৩ হাজার টাকা নিয়ে পালানোর সময় স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দেয়। 

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জিল্লুর রহমান তাকে সমর্থন করে বলেন, বিএনপি নেতা শহীদুল্লাহকে মারধর করে পালানোর সময় জনগণ সবুজকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে শহীদুল্লাহ মামলা দায়ের করবেন বলেও তিনি জানান।

এ ব্যাপারে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও শহীদুল্লাহর ভাই আসাদুজ্জামান বলেন, উন্নয়ন কাজের জন্য বরাদ্দকৃত গম আত্মসাতের অভিযোগসহ সন্ত্রাসী কার্যকলাপের জন্য ক্ষুব্ধ জনগণ সবুজকে গণধোলাই দিয়ে ১০নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে নিয়ে যায়। পরে গণরোষ থেকে বাঁচাতে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

তবে সবুজ জানান, রোববার সকাল ১১টার দিকে কামরুল নামের এক যুবককে নিয়ে মোটরসাইকেলে করে তিনি ওএমএসের চাল তোলার জন্য ভাটার খাল সংলগ্ন খাদ্য অধিদপ্তরে যান। এ সময় শহীদুল্লাহর নেতৃত্বে ৫/৬ জনের একটি দল তার ওপর হামলা চালায়। পরে ১০নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে নিয়ে মারধর করার পর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতে তাকে তুলে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। হামলাকারীরা তার দুটি মোবাইল ফোন সেটও নিয়ে যায় বলে তিনি জানান।

সবুজ জানান, সম্প্রতি ইউপি চেয়ারম্যান শাহজাহানের সাথে কথা কাটাকাটির জের ধরে শহীদুল্লাহ তার ওপর হামলা চালিয়েছে বলে তিনি মনে করছেন।