যশোরে ভাড়ায় এনে দুই মোটর সাইকেল চালককে হত্যা
যশোরে শনিবার রাতে পৃথক ঘটনায় দুই মোটর সাইকেল চালককে হত্যা করা হয়েছে। সাতক্ষীরায় এক মোটর সাইকেল চালককে জখম করে সাইকেলটি নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
যশোরে নিহতরা হলেন বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের জাকারিয়া (২০) এবং খুলনার ডুমুরিয়ার কুমরাইলের মফিজ শেখ (২০)। এরা দুজনই মোটর সাইকেল ভাড়া দিয়ে ব্যবসা করতেন।
জাকারিয়া হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রোববার সকালে টিটো ও জাহিদসহ মোট চারজনকে গ্রেফতার করেছে।
যশোর থেকে নফহবংি২৪.পড়স প্রতিনিধি জানান, টিটো শনিবার সকালে জাকারিয়ার মোটর সাইকেলটি ভাড়া নেয়। সাইকেলটি সন্ধ্যায় ফেরত দেওয়ার কথা থাকলেও তা না দেওয়ায় জাকারিয়া টিটোর বাড়িতে যায়। রাত আড়াইটার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার একটি ধানক্ষেতে এলাকাবাসী জাকারিয়ার লাশ পড়ে থাকতে দেখে।
অপর ঘটনায় অভয়নগর উপজেলার পায়রা গ্রামের রুইয়ের বিলে মফিজকে কুপিয়ে হত্যা করে হত্যাকারীরা লাশ ফেলে রেখে যায়। মফিজের মোটর সাইকেলটি ভাড়া করে অভয়নগরের পারুল গ্রামে নিয়ে আসা হয়েছিল। পুলিশ দুটি লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এদিকে আমাদের সাতক্ষীরা প্রতিনিধি জানান, সদর উপজেলার কোমরপুর গ্রামে রোববার ভোরে ভাড়ায় যাত্রীবহনে যাওয়ার পথে দুর্বৃত্তরা একজন মোটর সাইকেল চালককে কুপিয়ে জখম করে সাইকেলটি ছিনিয়ে নিয়েছে। আহত চালক কোমরপুর গ্রামের আব্দুস সামাদ সদর হাসপাতালে বর্তমানে চিকিৎধীন রয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
