ঢাকা মেডিকেলে চিকিৎসকের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৭৮ মিনিট!
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে এসে চিকিৎসকের দেখা পেতে একজন রোগীকে গড়ে সোয়া ঘন্টারও (৭৮মিনিট) বেশি সময় অপেক্ষা করতে হয়।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: একটি ডায়াগনস্টিক স্টাডি’ নামের এক গবেষণা প্রতিবেদনে এরকম অনেক তথ্য উল্লেখ করে প্রতিষ্ঠানটির অব্যবস্থা ও দুর্নীতি তুলে ধরা হয়।
টিআইবির গবেষক তাসমিলা আক্তার ও শহিদুল ইসলাম পরিচালিত গবেষণায় দেখানো হয়, বহির্বিভাগে ২৯ শতাংশ রোগী ঘুষ দিয়ে চিকিৎসা নিয়েছেন। ৬১ শতাংশ রোগী বলেছেন, ডাক্তাররা তাদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে মনোযোগী ছিলেন না। এছাড়া ৩৫ শতাংশ রোগী বলেছে, চিকিৎসক নিজে বা তার সহকারীকে দিয়ে ব্যক্তিগত চেম্বারে রোগীকে যেতে বলেছেন। ৩৫ শতাংশ রোগী জানিয়েছে, ডাক্তার দেখানোর সময় বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, হাসপাতালটিতে প্রতিদিন ৩১ হাজার ৬৮০ টাকার খাবার নষ্ট হয়। বছরে যার পরিমাণ দাঁড়ায় এক কোটি ১৫ লাখ ৬৩ হাজার টাকা। ঠিকাদার এবং হাসপাতালের কর্মচারিদের কারণে সেখানে নিুমানের খাদ্য সরবরাহ করা হয়।
নার্স, আয়া এবং দালালদের দৌরাত্মের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, তারা বিভিন্ন ফার্মেসিতে হাসপাতালের মূল্যবান ওষুধ পাচার করে থাকে।
গবেষণায় স্বাস্থ্য খাতে একজন ন্যায়পাল নিয়োগ, হাসপাতালের সব রকম তথ্য জানানোর ব্যবস্থা, শয্যা সংখ্যা বৃদ্ধি এবং ইন্টার্ন ডাক্তাদের সম্মানী বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
টিআইবির চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, ড. এমএ মান্নান এমপি, গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ড. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।
