গবাদিপশুর দখলে বিরোধী দলীয় নেতার সরকারি বাড়ি
পুরো পাঁচ বছর নিজের সরকারি বাড়িতে শেখ হাসিনা একদিনও থাকেননি বরং এ সময় অষ্টম জাতীয় সংসদের বিরোধী দলের নেতার জন্য নির্ধারিত ১২ একরের বাড়িটি ব্যবহার করা হয়েছে গবাদিপশু প্রতিপালনে।
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার জন্য নির্ধারিত মিন্টো রোডের ২৯ নম্বর সরকারি বাসভবনটি গত পাঁচ বছর একেবারে জনশূণ্য ছিল। ১৯৯১-৯৫ সালের ডিসেম্বর পর্যন্ত এই বাড়িতে থাকলেও এ মেয়াদে হাসিনা একবারও ওই বাসায় যাননি। ফলে এই পাঁচ বছর ভবনটির কক্ষগুলো ছিল বন্ধ। মূল ফটকে ছিল সবসময়ের তালা ।
নফহবংি২৪.পড়স এর নিজস্ব অনুসন্ধানে দেখা গেছে, কিছু দিন আগে পর্যন্ত ২৯ মিন্টো রোডের বাড়িতে ২০টি অষ্ট্রেলীয় গরু পালন করা হতো। লাল ভবনের পেছনে টিনের শেডের অস্থায়ী এক চালা ঘরও এ উদ্দেশ্যে নির্মাণ করা হয়। তবে বুধবার এই প্রতিবেদক বাড়িটিতে গিয়ে দেখেন, গরুগুলো সরিয়ে নেওয়া হয়েছে তবে একজন মালি ঘাস কাটছেন। কারণ? সেখানে এখন আছে ১২টি রাম ছাগল। একজন কর্মচারী জানালেন, ‘গরুগুলো ঢাকার সরকারি দলের এক প্রভাবশালী সংসদ সদস্যের।’
১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে শেখ হাসিনা এই বাড়িতে থেকেছেন। সেসময় অনেক অনুষ্ঠান হয়েছে এ বাড়িতে। হাসিনার একমাত্র মেয়ে পুতুলের বিয়ের অনুষ্ঠানে তদানীন্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই বাসায় এসেছিলেন। কিন্তু অষ্টম সংসদ নির্বাচনের পর শেখ হাসিনা আর ওই বাসায় উঠেননি। ২০০১ সালে হাসিনা একমাস সাবেক গণভবনে থাকলেও পরে তিনি ধানমন্ডির ‘সুধা সদন’-এ গিয়ে উঠেন।
অন্যদিকে, ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে বিরোধী দলীয় নেতা হিসেবে খালেদা জিয়া এই বাসায় না থাকলেও বিরোধী দলীয় নেতার দপ্তর হিসেবে ব্যবহার করেছেন। এই বাসায়ই গঠিত হয় চার দলীয় ঐক্যজোট। জানা যায়, ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত পাঁচ বছরে তদানীন্তন বিরোধী দলীয় নেতার এ বাসায় ২৪৫টি ছোট-বড় অনুষ্ঠান হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস নফহবংি২৪.পড়স- কে এ প্রসঙ্গে বুধবার জানান, ২৯ মিন্টো রোডের এ বাড়িটি সংসদের বিরোধী দলীয় নেতার জন্য নির্ধারিত। শেখ হাসিনা এ বাসায় না উঠায় তা খালি ছিল। তবে, ওই বাসায় গবাদিপশু প্রতিপালনের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। বিরোধী দলীয় উপনেতার নামে এই বাসাটি বরাদ্দ দেওয়ার আবেদন করা হলেও তা দেওয়া হয়নি।
