২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও নৌপথের যাত্রীরা মালিকদের কাছে জিম্মি

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের সুবিধার কথা বিবেচনায় সরকারি সব বাগাড়ম্বরই এর মধ্যে ভেস্তে গেছে। বরং জাহাজ ও লঞ্চ মালিকদের ব্যবসায়িক স্বার্থ ও স্বেচ্ছাচারিতার কাছেই এবারও জিম্মি যাত্রীসাধারণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2006, 04:24 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

ঈদের প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও গোটা নৌ পরিহন ব্যবস্থা এখন কালো বাজারিদের নিয়ন্ত্রণে। দ্বিগুণ থেকে চারগুণ টাকা ছাড়া কোথাও কোন লঞ্চের কেবিনের টিকিট পাওয়া যাচ্ছে না। আর এর ফলে নাভিশ্বাস উঠার উপক্রম হয়েছে যাত্রী সাধারণের।

জলপথে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার একমাত্র টার্মিনাল সদরঘাটে গিয়ে দেখা গেছে, প্রতিদিন শত শত মানুষ টিকিটের আশায় টার্মিনাল এলাকায় ঘোরাফেরা করছে। ন্যায্য মূল্যে টিকিট না পেয়ে তারা বাধ্য হয়ে কালোবাজারি ও শ্রমিক নেতাদের কাছে ধর্ণা দিচ্ছে।

পটুয়াখালী জেলার বাউফল থানার মধ্যমদনপুরা গ্রামের যুবক জিল্লুর রহমান গত মঙ্গলবার তার ভাই, ভাবি ও তাদের সন্তানদের বাড়িফেরা উপলক্ষে অগ্রিম টিকিট কিনতে গিয়ে বিপাকে পড়ে যান। তিনি জানান, সাধারণত ডাবল কেবিনের ভাড়া ১০০০ থেকে ১২০০ টাকা, সিঙ্গেল কেবিনের ভাড়া ৫০০ থেকে ৬০০ টাকা এবং ডেক--এর ভাড়া ১৫০ টাকা। কিন্তু টিকেট কিনতে গিয়ে দেখা গেছে, ডাবল কেবিন ভাড়া করতে হলে তাকে দিতে হবে কমপক্ষে ৩০০০ টাকা। কালোবাজারিরা তাকে আরো জানিয়েছে, টিকিট কিনতে দেরি হলে ভাড়া দ্বিগুণ হয়ে যাবে।

জিল্লুরের মত অনেক যাত্রীই বললেন, লঞ্চ বা জাহাজে গিয়ে টিকিট চাইলে বলে দেওয়া হয় সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে অপেক্ষমান দালাল ও শ্রমিকরা জানায়, অতিরিক্ত টাকা হলে তারা টিকিট যোগাড় করে দিতে পারে।

বিভিন্ন জাহাজ ও লঞ্চের শ্রমিকদের সাথে আলাপ করতে গেলে তারা সাফ জানিয়ে দেয় যে, সারা বছর তাদের লোকসান দিতে হয়। ঈদ মৌসুমই তাদের জন্য একটা বিশেষ সময়। কাজেই যাত্রীদেরকে ‘একটু বেশি’ ভাড়া দিতেই হবে। সরকারি নির্দেশ ও আইনের কথা তুলতে গেলে তাদের কেউ কেউ উত্তেজিত হয়ে তেড়ে আসে এই প্রতিবেদকের দিকে।

সূত্র মতে, অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রী হয়রানি রোধ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্যও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার।

নৌ -- পরিবহন মন্ত্রণালয়ের সমন্বিত কমিটির সাম্প্রতিক এক সভায় প্রতিবছরের মত এবারো অতিরিক্ত ভাড়া আদায়, কালোবাজারে টিকিট বিক্রি, অতিরিক্ত যাত্রী পরিবহনসহ সকল অনিয়ম এবং তা রোধকল্পে নানামুখী আলোচনা এবং জরিমানাসহ শাস্তির সিদ্ধান্ত হয়।

তবে সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন কর্তৃপক্ষ জানান, মালিক ও শ্রমিক কর্তৃপক্ষ সরকারি সিদ্ধান্তের উপর শ্রদ্ধাশীল না হলে এই অবৈধ তৎপরতা রোধ করা সম্ভব নয়। একইসাথে সাধারণ মানুষের দুর্ভোগ বা অতিরিক্ত ভাড়া আদায় প্রক্রিয়া বন্ধ হবে না।

জাহাজ মালিক নেতা ও বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার চেয়ারম্যান গিয়াসউদ্দীন আল-মামুন নফহবংি২৪.পড়স কে জানান, রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার একমাত্র টার্মিনাল সদরঘাট থেকে প্রতিদিন বিভিন্ন প্রকারের ৩০০ থেকে ৩৫০ লঞ্চ ও জাহাজ যাতায়াত করে। ঈদের একসপ্তাহে কমপক্ষে ১০ লাখ মানুষ জলপথে ঢাকা ছাড়বে।

তিনি জানান, ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাপের কথা মাথায় রেখে তারা বিশেষ ব্যবস্থায় জাহাজ ও লঞ্চ চালাবেন। যেসব লঞ্চ বা জাহাজ দিনে একটি ট্রিপ দেয়, সেগুলো প্রতিদিন দুটি ট্রিপ দেবে এবং বেশকিছু অতিরিক্ত পরিবহনও তারা চালু করবেন। এবার অতিরিক্ত যাত্রী পরিবহন করা হবে না বলেও তিনি জানান।

এক প্রশ্নের জবাবে আল মামুন সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত যাতে আদায় করা না হয় সেজন্য প্রতিটি জাহাজ ও লঞ্চের সামনের দিকে  ভাড়ার তালিকা ঝুলিয়ে রাখার কথা জানান।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়, কালোবাজারিদের তৎপরতা ও যাত্রী হয়রানির বিষয়ে এখনো তার কিছূ জানা নেই। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করলে তিনি ব্যবস্থা নেবেন বলে উল্লেখ করেন।

নফহবংি২৪.পড়স এর সাথে আলাপকালে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান শিমুল বিশ্বাস জানান, ‘ঈদ এর সময় ঘরমুখো মানুষের হয়রানি বন্ধ করার ব্যাপারে সরকারি কর্তৃপক্ষ আন্তরিক। কিন্তু মালিক--শ্রমিক কর্তৃপক্ষ আন্তরিক না হলে সরকারী কোন উদ্যোগ কোন কাজে আসবে না’।

তিনি জানান, সরকারের পক্ষে টিকেট কালোবাজারি, অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রী হয়রানি বন্ধ সম্ভব নয়। তারপরও আইন--শৃংখলা নিয়ন্ত্রণ, যাত্রী নিরাপত্তাকল্পে সরকারি উদ্যোগ রয়েছে।