২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষে ডিসিসির বিশেষ আয়োজন শুরু

ঈদ উপলক্ষে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) বিশেষ আয়োজনের অংশ হিসেবে প্রতি ওয়ার্ডে ঈদের জামাতের জন্য প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2006, 03:54 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

আগামী দুই একদিনের মধ্যে আন্তঃমন্ত্রণালয় এবং জাতীয় চাঁদ দেখা কমিটির সঙ্গে বৈঠকের পর ঈদের জামাতের সময়সূচিও নির্ধারণ করা হবে।

ডিসিসির সমাজকল্যাণ বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের মত এবারের ঈদেও ডিসিসির তত্ত্বাবধানে ওয়ার্ডপ্রতি চারটি করে মোট ৩৬০টি জামাত অনুষ্ঠিত হবে। এজন্য ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডে প্যাণ্ডেল তৈরির কাজ শুরু হয়ে গেছে। এছাড়া জাতীয় ঈদগাহ ময়দানকে বিশেষভাবে সাজিয়েছে ডিসিসি।

ডিসিসির সমাজকল্যাণ ও সাংস্কৃতিক কর্মকর্তা মো. নুরুল আলম বিডিনিউজকে বলেন, আসন্ন ঈদে বিশেষ প্রস্তুতি হিসেবে আমরা ইতিমধ্যে ঈদের জামাত অনুষ্ঠানের জন্য প্যাণ্ডেল বানানোর কাজ শুরু করেছি। এজন্য ডিসিসির পক্ষ থেকে প্রতি ওয়ার্ডকে ৩ হাজার ৮শ’ টাকা প্রদান করা হয়েছে। এছাড়া তিন থেকে চারশ’ দরিদ্র ব্যক্তিকে এবছর জনপ্রতি ২ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে।

তিনি আরো বলেন, ঈদের আগের দিন থেকে নগরভবনে আলোকসজ্জা করা হবে। আর শুধু ঈদের দিন ওয়ার্ড কমিশনারদের কার্যালয়কেও বিশেষভাবে সাজানোর ব্যবস্থা করা হয়েছে।

ডিসিসির স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে রাজধানীতে কয়েকটি চিকিৎসা দল  কাজ করবে। প্রতি দলে একজন চিকিৎসকসহ চার জন সদস্য থাকবেন। প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করবেন।

ঈদের ছুটি থাকলেও পানি, বিদ্যুৎ এবং পরিচ্ছন্নতার ক্ষেত্রে নগরবাসীকে সেবা দেওয়ার জন্য ডিসিসি বিশেষ ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে রয়েছে রাস্তার মোড়ে মোড়ে পানির গাড়ি, দিনে কয়েক দফায় ময়লা অপসারণ, লাইট পোস্টের অকেজো লাইট স্থাপন ইত্যাদি।

ডিসিসির প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সোহেল ফারুকী বিডিনিউজকে জানান, ঈদের সময় রাজধানীতে লোকজন কম থাকায় ময়লাও কম জমে। তারপরও আমরা বিশেষ ব্যবস্থায় কাজ করার জন্য কয়েকটি দল তৈরি করেছি যারা যতটা সম্ভব দ্রুত ময়লা-আর্বজনা পরিষ্কার করবে।