২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসার শিক্ষক-এ ৩০% নারী কোটা নিয়ে বিরোধ

মাদ্রাসায় নারী শিক্ষক নিয়োগের নির্ধারিত কোটা প্রশ্নে সরকারের সঙ্গে ইসলামী সংগঠনগুলোর প্রাকাশ্য বিরোধ দেখা দিয়েছে। ইসলামী সংগঠনগুলো বলছে, মাদ্রাসায় নারী শিক্ষক নিয়োগের বিধান প্রবর্তনের কোনো যৌক্তিকতা নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2006, 07:47 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

ইসলামী সংগঠনগুলোর দাবি মাদ্রাসায় নারী শিক্ষক নিয়োগ এমনিতেই হয়ে আসছে। কিন্তু সব মাদ্রাসার ক্ষেত্রে নারী শিক্ষক নিয়োগে কোটা করা যাবে না। প্রসঙ্গত, সরকার মাদ্রাসায় শিক্ষক নিয়োগে শতকরা ৩০ ভাগ মহিলা কোটা প্রবর্তন করেছে ।

গত শুক্রবার  জাতীয় মসজিদের খতিব মওলানা উবায়দুল হক জুমার নামাজের খুতবায় মাদ্রাসায় নারী শিক্ষক ৩০% নিয়োগের কোটার বিরোধিতা করেছেন। তিনি অবিলম্বে সরকারকে এই সিদ্ধান্ত বাতিলের আহবান জানিয়েছেন।

এদিকে সরকারের একাধিক সিনিয়র মন্ত্রীর সঙ্গে আলাপ করে জানা গেছে, আওয়ামী লীগ সরকার আমলে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৩০% কোটা প্রবর্তন হয়। বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর এটা কার্যকর হয়নি। তবে সম্প্রতি ওই কোটা কার্যকর করার জন্য সকল মাদ্রাসায় মন্ত্রণালয় থেকে পত্র দেয়া হয়েছে ।  

শিক্ষা প্রতিমন্ত্রী আ ন হ এহসানুল হক মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর-কে জানান, মাদ্রাসা শিক্ষা আধুনিকায়ন ও যুগোপযুগি করতে তার সরকার বিভিন্নমুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে। মাদ্রাসাগুলোর অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করেছে। তিনি মনে করেন, যে দেশের মূল জনগোষ্ঠীর অর্ধেক নারী সেখানে মাদ্রাসা শিক্ষকতায় তাদের উদ্ধুদ্ধ করতে দোষের কিছু নেই।

তবে চার দলীয় জোট সরকারের অন্যতম শরিক শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মওলানা আবদুর রব ইউসুফী অবিলম্বে ওই কোঠা বাতিলের দাবি জানান। তিনি বলেন, ইসলামের মূল নির্দেশনায় পর্দা ব্যবস্থা মান্য করা অত্যাবশ্যকীয় কর্ম। সেখানে পুরুষ অথবা ছেলে মাদ্রাসায় সরকারের প্রবর্তিত নারী কোঠা কার্যকর হলে শরীয়তের অকাট্য নিদের্শ লঙ্ঘিত হবে।