স্বাস্থ্য প্রকল্পে বাংলাদেশ পাচ্ছে ৪৬০ মিলিয়ন ডলার
বাংলাদেশ সরকার মা ও শিশুদের জন্য গৃহীত প্রকল্পে চার বছর মেয়াদে প্রায় অর্ধ বিলিয়ন মার্কিন ডলারের মঞ্জুরি পাচ্ছে।
বিশ্বব্যাংক রোববার এ তথ্য জানিয়েছে।
বিশ্বব্যাংক জানায়, পাঁচ দাতার কাছ থেকে এ অর্থ নেওয়া হবে। সরকারের সাথে বিশ্বব্যাংকের এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের শীর্ষ কর্মকর্তা ক্রিস্টিন আই ওয়ালিক নফহবংি২৪.পড়স কে বলেন, ‘শিশুমৃত্যু হার ও শিশুদের পুষ্টির ঘাটতি কমিয়ে আনা এবং জনগণের মধ্যে জন্ম নিরোধকের ব্যবহার বৃদ্ধি ও টিকাদান কর্মসূচির ক্ষেত্রে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ বেশি ব্যয় করে থাকে।’
তারপরও বাংলাদেশে শিশুমৃত্যু ও অপুষ্টির হার অত্যন্ত বেশি এবং এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে ওয়ালিক জানান।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইসমাইল জাবিউল্লাহ এবং কিস্টিন আই ওয়ালিক রোববার এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।
নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, সুইডেন, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিলের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচি (এইচএনপিএসপি) থেকে বিশ্বব্যাংক এ অর্থ সরবরাহ করবে।
৪৬০ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বর্তমান বিনিময় হার অনুযায়ী ৩ হাজার ৮২ কোটি টাকার এ মঞ্জুরি চার বছর ধরে দেওয়া হবে। ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত এই অর্থ সরবরাহ করা হবে।
বিশ্বব্যাংক কর্মকর্তা জানান, স্বাস্থ্য সম্পৃক্ত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে, বিশেষ করে মাতৃ মৃত্যুর সাথে সম্পর্কিত ক্ষেত্রে এ অনুদান ব্যবহার করা হবে।
২০০৩ সালে এইচএনপিএসপি চালু হওয়ার পর থেকে সরকারকে ৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এইচএনপিএসপিতে দাতাদের মোট সহায়তার পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ডলার।
অনুদানের অর্থের বাইরে বিশ্বব্যাংক ঋণ সহায়তা হিসেবে বাংলাদেশ সরকারকে ২০০৫ সালে আরও ৩০০ মিলিয়ন ডলার দিয়েছে।
