২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছাত্রদল নেতার হাতে পুলিশ লাঞ্ছিত, মুচলেকায় মুক্তি

বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র এক নেতার হাতে কোতয়ালী থানার কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা প্রকাশ্যে লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

অভিযুক্ত ওই নেতা হলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ--সভাপতি সরকারী বরিশাল কলেজের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সমির। তাকে ওই ঘটনায় আটক  করার পর মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

নগরীর গির্জা মহল্লার ব্যবসায়ী মিঠু বলেন, পুলিশের একটি পিকআপ ভ্যান বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভেনাস শপিং কমপ্লেক্সের সামনে দায়িত্ব পালন করছিল। এ সময় সমির কর্তব্যরত পুলিশকে ধাক্কা দিলে পুলিশ তাকে ধরে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে ওই পুলিশ কর্মকর্তা কোতয়ালী থানার এ এস আই লুৎফর  রহমান বলেন, ‘দায়িত্ব পালনকালে ছাত্রদল নেতার সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে ছাত্রদল নেতা আমাকে লাঞ্ছিত করলে আমি তাকে থানায় নিয়ে আসি’।

এ ঘটনার সত্যতা স্বীকার করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জিল্লুর রহমান বলেন, ছাত্রদল নেতা তার ভুল স্বীকার করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম সমির পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে বলেন, কর্তব্যরত পুলিশ কর্মকর্তার সাথে ভুল বোঝাবুঝি এবং পরে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতির মাধ্যমে এর সমাধান হয়ে গেছে। তবে কি নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল তা জানা যায়নি।