রাজধানীর কয়েকটি এলাকায় তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভাংচুর (বিস্তারিত)
সরকার প্রস্তাবিত ন্যূনতম মজুরী প্রত্যাখ্যান করে তৈরি পোশাক শ্রমিক সংগঠনগুলোর ডাকা বিক্ষোভ - প্রতিবাদের মুখে রাজধানী ঢাকার বিভিন্ন অংশ মঙ্গলবার কার্যত অচল হয়ে পড়েছিল।
হাজার হাজার বিক্ষুব্ধ পোশাক শ্রমিক পুলিশকে লক্ষ্য করে ইট - পাটকেল নিক্ষেপ করে, কয়েকটি পোশাক কারখানায় লুটপাট চালায়, একটি পেট্রোল পাম্প ও কয়েকটি যানবাহন ভাংচুর করে। উত্তরার আব্দুল্লাহপুরে তারা দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়।
এসময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে।
এ ঘটনায় ১২ পুলিশসহ কমপক্ষে ৩০ শ্রমিক আহত হন।
সরকার সম্প্রতি তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরী ১৬৬২ টাকা ঘোষণা করায় দেশব্যাপী শ্রমিকরা বিক্ষোভ প্রতিবাদে ফেটে পড়ে। তারই ধারাবাহিকতায় ১১টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ আজ মঙ্গলবার রাজধানী ঢাকাসহ সারাদেশে কর্মবিরতিসহ বিক্ষোভের ডাক দেয়।
সোমবার এক বিজ্ঞপ্তিতে মজুরী বোর্ডের ঘোষিত সর্বনিু মজুরী প্রত্যাহার, ন্যূনতম মজুরী ৩ হাজার টাকা ঘোষণা, ত্রি-পক্ষীয় চুক্তি বাস্তবায়ন এবং কালো শ্রম আইন বাতিলের দাবিতে মঙ্গলবারের ২৪ ঘন্টার শ্রমিক ধর্মঘট সফল করার আহ্বান জানায় বিভিন্ন শ্রমিক সংগঠন।
এরই অংশ হিসেবে পোশাক শ্রমিকরা উত্তরার আব্দুল্লাহপুর, মিরপুর এলাকায় মঙ্গলবার সকাল থেকেই রাস্তায় নেমে আসে। তারা রাস্তায় ব্যারিকেড দেয়, কয়েকটি পোশাক কারখানায় লুটপাট চালায়, বেশ কয়েকটি গাড়ি এবং একটি পেট্রোল পাম্প ভাংচুর করে।
এর আগে সোমবার পরিষদের আহবায়ক মোশারেফা মিশু জানান, দাবি আদায়ের জন্য নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা ও চট্টগ্রামে কর্মবিরতি পালন করার পরিকল্পনা রয়েছে।
১৯৯৪ সালে নির্ধারিত কাঠামো অনুযায়ী শ্রমিকদের বেতন ছিল সর্বনিু ৯৩০ টাকা। শ্রমিকদের অব্যাহত আন্দোলনের মুখে সরকার তা পুননির্ধারণ করতে বাধ্য হয়। কিন্তু শ্রমিকরা বর্তমান বাজার দর অনুযায়ী সর্বনিু বেতন ৩০০০ টাকা দাবি করলেও গত বৃহস্পতিবার সরকার গঠিত মজুরী কমিশন গার্মেন্টস শ্রমিকদের সর্বনিু মাসিক মজুরী ১৬৬২ টাকা করার প্রস্তাব দেয়। কিন্তু শ্রমিকরা এ দাবি মেনে নেয়নি। এরই প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ, বিক্ষোভ নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার সকাল আটটার দিকে কয়েক শ শ্রমিক উত্তরার আজমপুরে সমবেত হয় এবং ঢাকা-ময়মনসিংহ সড়কে ব্যারিকেড দেয়।
উত্তরা জোনের সহকারি পুলিশ কমিশনার সালেহউদ্দিন বিডিনিউজকে জানান, শ্রমিকরা উত্তরা থানায় প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি সংঘাতের দিকে মোড় নেয়। তিনি বলেন, শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া শুরুর করলেও পুলিশও মারমুখী হয়ে উঠে। তিনি জানান, ওই এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশের একটি বড় দল ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় পাঁচ ঘন্টা ধরে ওই সংঘর্ষ চলে। এসময় টঙ্গী ব্রিজ ও জসিমউদ্দিন এভিনিউ দিয়ে কোন যানবাহন চলাচল করেনি।
বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে নিরাপত্তা বাহিনী প্রতিটি মোড়ে অবস্থান নেয়। সালেহ জানান, পুলিশের বড় দল যোগ না দেওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সত্যিই কঠিন ছিল। দুপুর ১২টা ১০মিনিটের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুলিশ রাস্তা খুলে দেয়। এসময় শত শত যানবাহন আটকে বিশাল যানজটের সৃষ্টি হয়।
র্যাব-৪ এর সেকেন্ড ইন কমান্ড মেজর এহতেশামস সামাদ জানান, পোশাক শ্রমিকরা মিরপুরের পল্লবীতে দুটি কারখানা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে, রোকেয়া সরণী, মিরপুর ১২ এবং ১৪ তে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।
পুলিশ, র্যাব ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে পোশাক শ্রমিকরা রোকেয়া সরণী থেকে একটি বিশাল র্যালি বের করে। র্যালিটি মিরপুরে পৌঁছানোর পর আরও কয়েক শ শ্রমিক তাতে যোগ দেয়।
পোশাক শ্রমিক সংগঠনগুলোর অব্যাহত আন্দোলনের মুখে সরকার গত জুন মাসে শ্রমিকদের ন্যূনতম মজুরী নির্ধারণের লক্ষ্যে পাঁচ -সদস্যবিশিষ্ট একটি বোর্ড গঠন করে। ওই আন্দোলন চলাকালে বেশ কয়েকটি কারখানা ভাংচুর করা হয়, কয়েকটি কারখানা বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ এবং বেশ কয়েকজন শ্রমিক নিহতও হন।
প্রসঙ্গত, বাংলাদেশে এই মূহুর্তে তিন হাজারেরও বেশি পোশাক কারখানায় ১৮ লাখেরও বেশি শ্রমিক কাজ রয়েছে। যাদের অধিকাংশই নারী শ্রমিক। প্রতিবছর সরকার তৈরি পোশাক খাত থেকে রপ্তানী বাবদ সাত বিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে। প্রধানত ইউরোপ এবং আমেরিকা এ পোশাকের প্রধান বাজার।
