গাজীপুরে কার চালককে জবাই করে হত্যা
জেলার ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে রোববার রাতে মো. শাহীন (৩৬) নামে এক প্রাইভেট কার চালককে জবাই করে হত্যা করা হয়েছে।
নিহত শাহীন সিরাজগঞ্জ সদর উপজেলার গয়লা এলাকার শমসের আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেট কার এবং হত্যায় ব্যবহৃত চাপাতি ও ছুরি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নং ফটক থেকে দুই কিলোমিটার ভেতরের জঙ্গল থেকে কার চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এর সামান্য দূর থেকে প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ক-২৬৩০) এবং হত্যায় ব্যবহৃত চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়।
নিহতের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে পুলিশ তার নাম পরিচয় জানতে পেরে পরিবারের সদস্যদের খবর দেয়।
জাতীয় উদ্যানের একাধিক কর্মচারী জানান, রোববার সকালে ৩/৪ জন আরোহী নিয়ে প্রাইভেট কারটি উদ্যানের ভেতরে প্রবেশ করে।
এ বিষয়ে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এমএ রশিদ বলেন, উদ্যানের ভেতরে গাড়ি প্রবেশের ক্ষেত্রে কর্মচারিরা নিয়মনীতি মানেনি। গাড়ি কখন প্রবেশ করে আর কখন চলে যায় এ বিষয়ে কর্মচারিদের জানা থাকার কথা।
নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে এ ব্যাপারে মামলা হবে বলেও তিনি জানান।
