চিত্রশিল্পী এসএম সুলতানের ১২ তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার
বাংলাদেশের চিত্রকলার কিংবদন্তি পুরুষ এসএম সুলতানের ১২ তম মৃত্যুবার্ষিকী ১০ অক্টোবর মঙ্গলবার।
দিনটি পালন উপলক্ষে এসএম সুলতানের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান শিশুস্বর্গ, সুলতান ফাউন্ডেশন এবং নড়াইল জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে চিত্রশিল্পীর মাজারে পুষ্পার্ঘ নিবেদন, কোরানখানি, মিলাদ মাহফিল, র্যালি এবং আলোচনা সভা।
নড়াইলের শিশুস্বর্গ ভবনে বরাবরের মতো এবারও শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শিল্পী সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল জেলার মাছিমদিয়া গ্রামের এক হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। দারিদ্রের কারণে পড়াশোনা তার স্বাভাবিক গতিতে এগোয়নি। নড়াইলের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে পড়াশোনার পর চিত্রকলার টানে ১৯৩৮ সালে তিনি কলকাতায় চলে যান এবং সেখানে সরকারি আর্ট স্কুলে ভর্তি হন। মাত্র তিন বছর পড়াশোনার পর তিনি সেই স্কুল ছেড়ে চলে আসেন।
আমৃত্যু বোহেমিয়ান এই শিল্পী উপমহাদেশ ও বিশ্বের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন। চিত্রকলার জন্য তিনি দেশ ও বিদেশে বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন তিনি।
শিল্পী সুলতান তার চিত্রকলার মাধ্যমে বাঙালির বলিষ্ঠ অতীতের পরিচয় ও ঐতিহ্য তুলে ধরেছেন। তার ছবির মানুষেরা পেশীবহুল পেটানো দেহের অধিকারী এবং পরিশ্রমী।
অকৃতদার এই শিল্পী শেষ বয়সে নড়াইলের নির্জন বাড়িতে ঘরভর্তি বিড়ালের সান্নিধ্যে কাটিয়েছেন। শিশুদের প্রতি তার ছিল অসীম দরদ। এজন্যই নড়াইলে তিনি গড়ে তোলেন শিশুস্বর্গ।
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
