এক দিনের ব্যবধানে সাভারে আরেকটি বাস নদীতে, নিহত ৩, আহত ৬০
– মাত্র এক দিনের ব্যবধানে শনিবার ভোরে তৈরি পোশাক নির্মাতা প্রতিষ্ঠানের শ্রমিকদের বহনকারী একটি বাস সাভারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে গেলে তিনজন নিহত ও ৬০ জন আহত হয়েছে। আহত ১৫ জনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টার লিংক ক্রিয়েশন লিমিটেড নামক প্রতিষ্ঠানের একটি বাস শ্রমিকদের নিয়ে সাভারের ইয়ারপুরে যাওয়ার সময় নবীনগর মহাসড়কের পলাশবাড়ি নামক স্থানে সকাল সাড়ে ছয়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
ফরিদা আক্তার (২২) এবং লিটন মিয়া (৩৫) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর শ্রমিক মোহাম্মদ মামুনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
গুরুতর আহত পারভীন, ইশরাত, কামাল, মাহফুজা, নিলুফা আক্তার, রাজু, রাবেয়া, ইনসান, চম্পা, শিল্পী, ঝর্ণা, আজিরন, নাজমা, আয়েশা, বকুল, সোমা, সাথী, তাহমিনা, নাসিমা, রুবি, রওশনআরা, রিনা, শহিদুল, শাহিনুর, তহুরা খাতুন এবং গীতা রানী দাসকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দূর্ঘটনার পর সেনাবাহিনীর উদ্ধারকারী দল দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে। এর আগে পুলিশ চেষ্টা করেও বাসটি উদ্ধার করতে পারেনি।
এছাড়া স্থানীয় অধিবাসীরাও উদ্ধার কাজে সেনাবাহিনীকে সাহায্য করে।
দূর্ঘটনার কারণে নবীনগর---কালিয়াকৈর মহাসড়কে পাঁচঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো। ফলে মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।
দুর্ঘটনার সংবাদ পেয়ে স্টার লিংক কোম্পানী শুক্রবার তাদের কাজ বন্ধ করে দেয়।
এর আগে শুক্রবার আমিনবাজারের কাছে সালেহপুর ব্রীজের রেলিং ভেঙ্গে আরলিমা স্পোর্টন নিটওয়্যার এর শ্রমিকবাহী একটি বাস নদীতে পড়ে যায়।
