সাতক্ষীরায় যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা
সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামে বৃহস্পতিবার রাতে যৌতুক না পেয়ে মঞ্জুয়ারা খাতুন (২৫) নামের এক গৃহবধুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী।
পুলিশ জানায়, ব্রহ্মরাজপুর গ্রামের শফিকুল ইসলাম বিশ হাজার টাকা যৌতুকের দাবিতে প্রায়ই তার স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে মারপিট করতো। ঘটনার রাতে যৌতুকের টাকা আনতে অস্বীকার করায় শফিকুল তার স্ত্রীকে বেদম মারপিট করে। এক পর্যায়ে মঞ্জুয়ারা খাতুন অজ্ঞান হয়ে পড়লে শফিকুল শ্বাসরোধ করে তাকে হত্যা করে।
এরপর পরিবারের সবাই মিলে মঞ্জুয়ারার লাশ বাড়ির বাইরে রেখে আসে। সকালে লাশ দেখে গ্রামবাসী মঞ্জুয়ারার শ্বশুর ছহিলউদ্দীন ও শ্বাশুড়ি আয়শা বেগমকে আটক করে থানায় খবর দেয়।
পুলিশ গৃহবধুর শ্বশুর ও শাশুড়ীকে গ্রেফতার করেছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে।
