২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে প্রধানমন্ত্রীর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রচন্ড গরমে সমাবেশে অসুস্থ ৫০

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ শিক্ষাঙ্গনসহ সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ক্ষমতায় যাওয়ার জন্য আবারও সেই পথ ধরেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2006, 09:25 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

কিন্তু নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পর প্রধানমন্ত্রী সমাবেশস্থলে আসায় প্রচন্ড গরমে উপস্থিত নারী পুরুষের অনেকে অসুস্থ হয়ে পড়েন। আমবটতলা হাইস্কুলে স্থাপিত অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্পে ৩৫ নারী ও ১৫ পুরুষকে চিকিৎসা দেয়া হয়।

জেলা বিএনপি সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়নের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আমবটতলা এলাকায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খালেদা জিয়া বলেন, জোট সরকার দেশে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। যে এলাকায় যা প্রয়োজন, তাই করা হচ্ছে।

খালেদা জিয়া আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, তারা ক্ষমতায় গেলে দেশের মানুষের শান্তি বিনষ্ট হয়। ছেলেমেয়েদের শিক্ষা জীবন ব্যাহত হয়। তারা কখনোই দেশের উন্নয়ন চায় না।

মাত্র পাঁচ মিনিটের বক্তৃতায় প্রধানমন্ত্রী যশোরবাসীর উদ্দেশ্যে বলেন,  চার দলীয় জোট যদি আবার ক্ষমতায় আসে তাহলে যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ সম্পন্ন করা হবে। ফলে আপনাদের সন্তানরা সেখানে ভর্তি হতে পারবে। তিনি যশোর-৩ আসনের জোট প্রার্থী তরিকুল ইসলামকে আবারো ভোট দেয়ার আহবান জানান।

খালেদা জিয়ার সমাবেশে সকাল থেকে নারী পুরুষ সমবেত হতে থাকে। কিন্তু নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পর তিনি আসায় প্রচন্ড গরমে উপস্থিত নারী পুরুষরা অসুস্থ হয়ে পড়েন। আমবটতলা হাইস্কুলে স্থাপিত অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্পে ৩৫ নারী ও ১৫ পুরুষকে চিকিৎসা দেয়া হয়।

সমাবেশ শেষে প্রধানমন্ত্রী সাতক্ষীরায়  উদ্দেশ্যে যশোর ত্যাগ করেন।