জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সঙ্কটে পড়তে যাচ্ছে বাংলাদেশ?
অক্টোবরের ২০ তারিখের মধ্যে ২২ হাজার শ্রমিক মালয়েশিয়ায় পাঠাতে না পারলে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের সঙ্কটে পড়তে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশী জনশক্তি রপ্তানিকারকরা অবশ্য এখনো আত্মবিশ্বাসী যে, মালয়েশিয় প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী শ্রমিক রপ্তানি করতে তাদের কোনো অসুবিধা হবে না। যদিও তারা মালয়েশিয়ার সঙ্গে সুষ্ঠু যোগাযোগের অভাব রয়েছে বলেও স্বীকার করেছেন।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী রাদজি শেখ আহমাদ বলেছেন, ১ আগস্ট থেকে এ পর্যন্ত তার মন্ত্রণালয় ২২ হাজার বাংলাদেশী শ্রমিকের আবেদন অনুমোদন করলেও মালয়েশিয় প্রতিষ্ঠানের সঙ্গে এখন পর্যন্ত একজনও যোগাযোগ করেনি। বৃহস্পতিবার প্রকাশিত দুটি পৃথক সংবাদ প্রতিবেদনে একথা বলা হয়।
মালয়শিয়ার সংবাদপত্র দি নিউ স্ট্রেইট্স ও জাতীয় বার্তা সংস্থা বার্ণামা রাজ্জি থার্সডে-কে উদ্ধৃতি দিয়ে বলেছে যে, অক্টোবরের ২০ তারিখের মধ্যে বাংলাদেশী শ্রমিকরা তাদের কর্মদক্ষতার উন্নয়ন করতে না পারলে নতুন শ্রমিক নেয়ার অনুমোদন তারা বাতিল করে দেবে।
উল্লেখ্য বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলংকার মতো দেশের শ্রমিকদের জন্য দক্ষিণ - পূর্ব এশিয়া আশীর্বাদস্বরূপ। শ্রমিকদের মধ্যে মূলতঃ অদক্ষরা সেদেশের নির্মাণ কাজ ও কৃষি ফার্মে নিযুক্ত হয়।
বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ব্যাপারে বেশ কয়েক বছরের আপত্তির পর মালয়েশিয় সরকার নিষেধাজ্ঞা তুলে নেয় এবং চলতি বছর বাংলাদেশ রিক্রুটিং এজেন্সির (বায়রা) সাথে একটা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নতুন করে শ্রমিক নেয়ার প্রক্রিয়া পুনরায় শুরু হয়।
শ্রমিক রপ্তানিতে অনিয়ম ও হয়রানিসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ১৯৯৬ সালে মালয়েশিয় সরকার বাংলাদেশী শ্রমিক নেয়া বন্ধ করে দেয়।
মালয়েশিয় সরকারের কাছে অভিযোগ রয়েছে যে, ঢাকায় অবস্থিত রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের কাছ থেকে অত্যধিক পরিমাণে টাকা আদায় করে। মালয়েশিয় সরকারের নির্ধারিত ১২০০ মার্কিন ডলার বা ৮৫ হাজার টাকার পরিবর্তে এজেন্সিগুলো প্রতিটি শ্রমিকের কাছে ১,৫০,০০০ থেকে ২,০০,০০০ টাকা পর্যন্ত দাবি করে।
অতিরিক্ত টাকা দাবি ছাড়াও বায়রা এ প্রক্রিয়াটিকে তাদের একচ্ছত্র করার চেষ্টা চালাচ্ছে বলেও তাদের কাছে অভিযোগ রয়েছে। তবে ‘বায়রা’ অতিরিক্ত টাকা গ্রহণ করে বলে বেশকিছু শ্রমিক অভিযোগ করলেও বায়রা কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।
সম্প্রতি বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আজাদ সংসদে বলেছেন, সরকার এসব অভিযোগের প্রতি গুরুত্ব দিয়েছে এবং হয়রানি বন্ধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বৃহস্পতিবার বিডিনিউজকে বলেছেন, তারা প্রতিমন্ত্রীর বক্তব্য সম্পর্কে অবগত হয়েছেন। তিনি আরো জানান, কোম্পানি এবং মালয়েশিয়ার সরকারের মধ্যে যথেষ্ট ‘কমিউনিকেশন গ্যাপ’ রয়েছে।
তিনি আরো বলেন, ব্যাপারটি এখন শুধু মালয়েশিয় কোম্পানি এবং সরকারের হাতে। বাংলাদেশ সরকার বা বায়রার হাতে তা নেই।
তিনি আরো জানান, তারা ২০ হাজার শ্রমিকের ভিসা অনুমোদন পেয়েছেন। চাহিদা অনুযায়ী শ্রমিকের ভিসার অনুমোদনও তারা পেয়েছেন এবং এখন মালয়েশিয়া থেকে ভিসা অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। তিনি বলেন, যদি অনুমোদন পান তাহলে অল্প সময়ের মধ্যেই শ্রমিক পাঠাতে প্রস্তুত আছেন।
তিনি বলেন, যদি কোন রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে তারা অতিরিক্ত টাকা গ্রহণের অভিযোগ পান তাহলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের বায়রার মেম্বারশিপ বাতিল করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত মালয়েশিয়ায় প্রায় এক লাখ ১৩ হাজার বাংলাদেশী বৈধ শ্রমিক রয়েছে বলে গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে বলেছেন।
