বাগেরহাটে বিশিষ্টজনের কাছে টেলিফোনে চাঁদা দাবি, ২ যুবক আটক
বাগেরহাটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, চিকিৎসক, ব্যাঙ্কার ও ঠিকাদারদের কাছে নিষিদ্ধ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এমএল জনযুদ্ধের শীর্ষ নেতা তপন মালিথা ওরফে দাদা তপনের নামে চাঁদা দাবি করা হচ্ছে।
গত এক সপ্তাহে অজ্ঞাত ব্যক্তি টেলিফোন বা মোবাইল ফোনে শহরের অন্তত দেড় ডজন প্রতিষ্ঠিত মানুষের কাছে দশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করেছে। বৃহস্পতিবার সকালে এবং বুধবার বিকালে দাদা তপনের পরিচয়ে দাবিকৃত চাঁদা নিতে এসে পুলিশের হাতে আটক হয়েছে মো: ইমরান ওরফে ফারুক (২০) ও শোয়েব আজাদ ওরফে ওমর ফারুক (১৮) নামে দুই যুবক। এই ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আটক ইমরান ওরফে ফারুক ও শোয়েব আজাদ ওরফে ওমর ফারুক বলেছে, তারা ঢাকার মিরপুর ১০ নং গোল চত্বর এলাকার বাসিন্দা হলেও একজন আরেকজনকে চেনে না। পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ইমরান বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা সদরের মৃত হেলাল উদ্দিন তালুকদারের পুত্র। শোয়েব আজাদ চাঁদপুর জেলার পশ্চিম শকদী গ্রামের মো: রফিকুল ইসলামের পুত্র। পুলিশ তাদের এই পরিচয় খতিয়ে দেখছে।
বাগেরহাটের পুলিশ সুপার মোস্তফা কামাল এ ঘটনায় বাগেরহাটবাসীর প্রতি পুলিশের সহযোগিতা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
যাদের কাছে টাকা চেয়ে হুমকি দেয়া হয়েছে তাদের মধ্যে আছেন জনতা ব্যাঙ্ক বাগেরহাট শাখার ব্যবস্থাপক মো: আবুল বাশার, মক্তি ক্লিনিকের স্বত্তাধিকারী ডা. আব্দুল কাইয়ুম, পলি ক্লিনিকের স্বত্তাধিকারী ডা. সুনীল দাস, ডক্টরস ক্লিনিকের অন্যতম স্বত্তাধিকারী ডা.মোল্লা এমদাদুল হক, বাগেরহাটের বিশিষ্ট ব্যবসায়ী বলাই রায়, স্বর্ণ বণিক সমিতির সভাপতি নিমাই বকশী, ইসলামী ব্যাঙ্ক বাগেরহাট শাখার ব্যবস্থাপক মো: আলাউদ্দিন গাজী, ঠিকাদার রাকিব, শেখ শমশের আলী মোহন প্রমূখ।
পুলিশ জানায়, জনতা ব্যাংকের ব্যবস্থাপকের কাছে দাবিকৃত ২০ হাজার টাকা নিতে এসে বুধবার বিকালে বাগেরহাট সদর হাসপাতাল এলাকায় পুলিশের হাতে আটক হয় ওমর ফারুক। একইভাবে ডা. আব্দুল কাইয়ুমের কাছে দাবিকৃত এক লাখ টাকা নিতে বৃহস্পতিবার সকালে ক্লিনিকে এসে ধরা পড়ে ইমরান ওরফে ফারুক। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হুমকিপ্রাপ্ত ডা. সুনীল দাস বলেছেন, গত ৩ অক্টোবর তার কাছে প্রথমে কুড়ি এবং পরে দশ হাজার টাকা চাঁদা চাওয়া হয়। একটি সংবাদপত্র হাতে দিয়ে টাকাসহ তার এক কর্মচারীকে দুপুরে পোস্ট অফিসের সামনে আসতে বলা হয়। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করেন।
ইসলামী ব্যাংকের সেকেণ্ড অফিসার মোতালেব হোসেন জানান, তাদের শাখা ব্যবস্থাপকের কাছে গত মঙ্গলবার প্রথমে এক লাখ টাকা চাঁদা চাওয়া হয়। পরে তা কমিয়ে পাঁচ হাজার এবং শেষ পর্যন্ত দেড় হাজার টাকার ফ্লেক্সিলোড পাঠাবার জন্য একটি মোবাইল ফোন নম্বর দেয়া হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
পুলিশ জানায়, হুমকি প্রাপ্তদের অনেকের সাথে কথা বলে দেখা গেছে তারা সবাই একই রকম বর্ণনা দিচ্ছেন। হুমকিদাতা ফোনে নিজেকে ‘দাদা তপন’ বলে দাবি করে ভদ্রভাবে বলছে যে. তাদের দলের কিছু লোক গুলিবিদ্ধ হয়ে দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিচ্ছে। এ জন্য ২০ থেকে ২৫ লাখ টাকা প্রয়োজন। এই প্রয়োজন মেটাতে তাদের কাছে এই টাকা দাবি করা হচ্ছে। কেউ টাকা দিতে রাজি না হলে বা পরিমাণ নিয়ে আপত্তি তুললে কখনো কখনো তাদের গালিগালাজও করা হয়েছে।
হুমকিপ্রাপ্তদের অনেকেই বলেছেন, বহুল আলোচিত চরমপন্থী নেতা তপন মালিথা ওরফে দাদা তপন এভাবে দশ বা কুড়ি হাজার টাকা চাঁদা দাবি করতে পারেন বলে তারা বিশ্বাস করতে পারছেন না। তাদের ধারণা এক বা একাধিক চক্র চরমপন্থী নেতা তপন মালিথার নাম ব্যবহার করে অর্থ হাতিয়ে নেয়ার কৌশল হাতে নিয়েছে।
তবে বাগেরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই কাজী জালাল আহমেদ ও গোয়েন্দা পুলিশের এসআই মো: সাইফুদ্দৌলা বলেন, চাঁদা দাবিকারী চক্রটির প্রকৃত পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে। কারণ পুলিশের হাতে এমন কিছু প্রমাণ রযেছে যা থেকে ধরে নেয়া যায় এক বা একাধিক স্থানীয় চক্র এই চাঁদাবাজির সাথে জড়িত। আবার বুধবার বিকালে শোয়েব ওরফে ওমর ফারুককে গ্রেফতারের পর অজ্ঞাত ব্যক্তি নিজেকে ধৃত যুবকের সহযোগী দাবি করে মোবাইল ফোনে জানিয়েছে, ফারুক দলে নতুন যোগ দিয়েছে এবং এটাই ছিল তার প্রথম অপারেশন। অন্যদিকে ধৃত ইমরান পুলিশের জিজ্ঞাসাবাদে দাদা তপনের চেহারা ও শারীরিক গড়নের যে বর্ণনা দিয়েছে তার সাথে প্রকৃত তপন মালিথার চেহারা বা শরীরের মিল পাওয়া যাচ্ছে না।
