রাজশাহীতে বিদ্যুতের দাবিতে প্রধান প্রকৌশলীর দপ্তর অবরোধ
রাজশাহী মহানগরীতে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের দাবিতে বুধবার ‘রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ’ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলীর দপ্তর অবরোধ করে। এক ঘন্টার অবরোধ শেষে আন্দোলনকারী নেতৃবৃন্দ প্রধান প্রকৌশলীর কাছে একটি স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপি প্রদান শেষে সমাবেশে বক্তারা হুমকি দিয়ে বলেন আগামী সাত দিনের মধ্যে রাজশাহী মহানগরীর বিদ্যুৎ সমস্যার সমাধান না করা হলে কঠোর কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যুৎ অফিস বন্ধ করে দেয়া হবে।
সমাবেশে সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. জামাত খান, রাজশাহী চেম্বার অব কমার্সের হাউস কমিটির চেয়ারম্যান ও সংগ্রাম পরিষদের উপদেষ্টা খন্দকার হাফিজুর রহমান, পরিষদ নেতা মঞ্জুর হাসান মিঠু প্রমূখ বক্তব্য রাখেন।
