কুমিল্লায় ছাত্রলীগ-শিবির সংঘর্ষে আহত ৩০
কুমিল্লায় চৌদ্দগ্রামে মঙ্গলবার বিকেলে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষে উভয় দলের ৩০ নেতা--কর্মী আহত হয়েছে। ছাত্রলীগের এক কর্মীকে মারধর করার জের ধরে উপজেলার গোলপাশা ইউনিয়নের ধনুসারা বাজারে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার কুমিল্লা শহরে গোলপাশা ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি কাজী জাফরকে শিবিরের একদল ক্যাডার মারধর করে। এ ঘটনার প্রতিবাদে সোমবার ছাত্রলীগ ধনুসারায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। পরে পাল্টা কর্মসূচি হিসেবে ইসলামী ছাত্র শিবির মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। শিবির ক্যাডাররা মিছিল থেকে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা--কর্মীদের ওপর হামলা চালায়। ছাত্রলীগ পাল্টা হামলা চালালে উভয় দলের ৩০ নেতা কর্মী আহত হয়।
পরে শিবির দাবি করে ছাত্রলীগ কর্মীরা সোমবার শিবিরের দুই কর্মীকে পিটিয়েছে। সে কারণেই তারা এই প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছিল।
অন্যদিকে ছাত্রলীগ বলেছে, জামাত--শিবির ক্যাডাররা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলা-পাল্টা হামলার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোন মামলা হয়নি।
