২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বাস চাপায় সাবেক সেনা সদস্য নিহত, গুরুতর আহত স্ত্রী

রাজশাহী-ঢাকা মহাসড়কের বিনোদপুর বাজারে সোমবার বাসের চাপায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট নাজিম উদ্দিন (৫৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী নাসিমা বেগম।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 02:12 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

দূর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। প্রায় দুই ঘন্টা রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কও তারা অবরোধ করে রাখে। সে সময় কিছু ভাংচুরের ঘটনাও ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। পুলিশ বাসটি আটক করেছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।

পুলিশ ও প্রতক্ষদশীরা জানান, বেলা সাড়ে ১০টার দিকে নাজিম উদ্দিন তার স্ত্রী নাসিমা বেগমকে (৩৫) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। বিনোদপুর বাজারে পৌঁছলে সাথী এন্টারপ্রাইজ (ঢাকা-চ-৩০১০) নামের একটি লোকাল বাস পেছন থেকে ধাক্কা দিলে নাজিম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় নাসিমা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতের বাড়ি রাজশাহী পবা উপজেলার দারুশা গ্রামে। এ ব্যাপারে মতিহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।