চাঁদপুরে ট্রলারের ধাক্কায় নৌকাডুবি, নিহত এক
শহরের লন্ডনঘাটি এলাকায় ট্রলারের ধাক্কায় একটি নৌকা ডুবে গেলে লিটন কুমার সাহা (২৫) নামে এক যুবক নিহত হয়।
রোববার বিকেল পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত লিটনের বাড়ি পুরানবাজারের যুগিপট্টিতে। পিতার নাম মৃত চন্দ্রনাথ সাহা। ৩ ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।
লিটনের পরিবার ও পুলিশ জানায়, শনিবার রাতে লিটন তার ৩ বন্ধুকে নিয়ে পূজা শেষে নৌকা ভ্রমণে বের হয়। শহরের লন্ডনঘাট পৌঁছামাত্র পেছন থেকে একটি ট্রলার নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি উল্টে যায়। পানিতে পড়ে যান মাঝি ও চার আরোহী।
চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও লিটনের কোনো খোঁজ পাওয়া যায়নি।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে লন্ডনঘাট থেকে লিটনের লাশ উদ্ধার করা হয়।
