২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় হত্যা মামলায় ২১ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ে আদালত ২১ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

মঙ্গলবার কুষ্টিয়ার বিশেষ দায়রা জজ আব্দুর রশীদ মিঞা জনাকীর্ণ আদালতে আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।

আদালত ৮০ কার্য দিবসে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমান গ্রহণ শেষে মঙ্গলবার আসামী হযরত, মাহাবুব, মন্টু, মজনু, রাশেদ, ইনা, আলম, বারী, চোর, আসাদ, আনারুল, ভাষা ও পলাতক ১১ আসামিসহ মোট ২১ জনের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা  অনদায়ে ২ বছরের সশ্রম কারাদন্ড দেন।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাড. আব্দুল মজিদ এবং আসামি পক্ষে অ্যাড. এমদাদুল হক, আজিজুল হক ও অ্যাড. কাজী মাসুদুল হক।

১৯৯৮ সালের ২৮ সেপ্টেম্বর জেলার ভেড়ামাড়া উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের আবুল হোসেন মালিথা মাছ ধরতে পাশ্ববর্তী দৌলতপুর উপজেলার চক মাদিয়ার পচা বিলে গেলে সন্ত্রাসীরা গুলি করে তাকে হত্যা করে।

ঘটনার পর দিন নিহত আবুল হোসেনের ভাই নওয়াব আলী বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

একটি হত্যা মামলার রায়ে একসাথে ২১ আসামীর যাবজ্জীবন কারাদন্ডের ঘটনায় কুষ্টিয়াতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।